ওয়ানডে জার্সি গায়ে মুশফিকুর রহিমের একটি ফাইল ছবি।মুশফিকুর রহিমকে কি আবারও ওয়ানডেতে দেখা যাবে?

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন মুশফিকুর রহিম। এরপর থেকে কেবল টেস্ট এবং ঘরোয়া ক্রিকেটেই দেখা গেছে এই অভিজ্ঞ ব্যাটারকে। তবে সম্প্রতি ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন—অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিশেষ অনুরোধে আবারও লাল-সবুজ জার্সিতে ওয়ানডে ক্রিকেটে ফিরতে পারেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।

সিমন্সের রহস্যময় মন্তব্য

মুশফিকের ফেরা নিয়ে আজ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ ফিল সিমন্স। তবে মুশফিকের ফেরার সম্ভাবনাকে তিনি নাকচ করে দেননি, বরং জিইয়ে রেখেছেন রহস্য।

সিমন্স বলেন, ‘মুশফিক বর্তমানে টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছে, যা দারুণ এক অর্জন। তবে ভবিষ্যতে কী হয়, তা সময়ই বলে দেবে।’

কোচের এই ‘ভবিষ্যতে কী হয়’ বাক্যটিই মুশফিকের প্রত্যাবর্তনের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

আরও পড়ুন: পন্টিংয়ের পরে মুশফিক, শীর্ষে তাইজুল

মিডল অর্ডারের ব্যর্থতাই কি মূল কারণ?

মূলত ওয়ানডেতে বাংলাদেশের মিডল অর্ডার বর্তমানে বেশ নড়বড়ে। ৫, ৬ বা ৭ নম্বরে ধারাবাহিকভাবে রান করার মতো কাউকে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। মুশফিককে ফেরানোর আলোচনার মূলে রয়েছে এই ব্যাটিং সংকট।

মিডল অর্ডার নিয়ে সিমন্সও স্বীকারোক্তি দিয়েছেন, ‘আমাদের ব্যাটিংয়ের প্রতিটি ক্ষেত্রেই উন্নতির জায়গা আছে। ৫ থেকে ৮ নম্বর পজিশন পর্যন্ত আমাদের আরও কাজ করতে হবে। যদিও শেষ ১০ ওভারে আমরা উন্নতি করছি, যেমনটা পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আমরা ৮০ রান তুলেছিলাম।’

আরও পড়ুন: লিটন-মিরাজে আস্থা, রফিকের ফেরা

সৌম্যর ফেরা ও ঘরোয়া ক্রিকেটের চ্যালেঞ্জ

সবশেষ সিরিজে বেঞ্চে থাকা সৌম্য সরকারকে নিয়েও কথা বলেছেন সিমন্স। তাঁর মতে, সৌম্য দারুণ খেলোয়াড় হলেও দীর্ঘ বিরতি তাঁর জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। সিমন্স বলেন, ‘সৌম্যর জায়গায় যারা খেলেছে তারা ভালো করেছে, তাই তাকে ফেরার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।’
এছাড়া ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করা ব্যাটারদের জাতীয় দলে এসে পজিশন বদলানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বড় বিষয় হলো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, ঘরোয়া ক্রিকেটে কে কোথায় ব্যাটিং করেছেন তা এখানে খুব একটা গুরুত্ব পায় না।’

মুশফিকুর রহিম শেষ পর্যন্ত তাঁর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে মিরাজের ‘তুরুপের তাস’ হয়ে ওয়ানডেতে ফেরেন কি না, সেটাই এখন দেখার বিষয়।