বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে অনেকেই রসিকতা করে ডাকেন ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’। সেই রসিকতা যে কতটা রূঢ় বাস্তব, তা আরও একবার প্রমাণিত হলো জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের প্রতি বিসিসিআই-এর সাম্প্রতিক ‘দয়া’ দেখে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে কোণঠাসা করার মিশনে ভারতকে যারা পরোক্ষ সহায়তা করেছে, সেই জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে এখন দুহাত ভরে ‘পুরস্কার’ দিচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড।
বিসিবির অনুরোধ ও আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ‘ডিগবাজি’
ঘটনার সূত্রপাত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। মোস্তাফিজুর রহমানকে অহেতুক IPL থেকে বাদ দেওয়া, ভারতের রাজনৈতিক ইগো এবং বির্তকিত সিদ্ধান্তের কারণে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ যখন অনিশ্চয়তার মুখে, তখন বিসিবির তৎকালীন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটি বিকল্প সূচির প্রস্তাব করেছিলেন। লক্ষ্য ছিল বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া।
এই প্রস্তাব পাসের জন্য আইসিসির বোর্ড সভায় জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সমর্থন অত্যন্ত জরুরি ছিল। শুরুতে দুই দেশের বোর্ডই বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার মৌখিক আশ্বাস দিয়েছিল। এমনকি তারা বাংলাদেশের স্বার্থে নিজেদের গ্রুপ পরিবর্তন করে ভারতের মাটিতে খেলতেও রাজি হয়েছিল।
কিন্তু আইসিসির চূড়ান্ত ভার্চুয়াল সভায় দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে বাংলাদেশের প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় তারা। ধারণা করা হয়, BCCI-এর সরাসরি চাপ অথবা বিশেষ প্রলোভনের মুখে রাতারাতি নিজেদের অবস্থান বদলে ফেলে দুই বোর্ড।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন উইকেট চায় বাংলাদেশ?
আনুগত্যের ‘পুরস্কার’ যখন দ্বিপাক্ষিক সিরিজ
বাংলাদেশের অনুরোধে সাড়া না দিয়ে ভারতের ‘ইগো’ রক্ষা করার প্রতিদান পেতেও দেরি হয়নি। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের জন্য বিসিসিআই-এর দরজা হঠাৎ করেই খুলে যায়।
জিম্বাবুয়ের ২৫ বছরের অপেক্ষা শেষ: দীর্ঘ ২৫ বছর পর জিম্বাবুয়েকে ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। ২০২৭ সালের জানুয়ারিতে কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাইয়ের মতো বড় ভেন্যুতে তিনটি ওয়ানডে খেলবে তারা। জিম্বাবুয়ের মতো ধুঁকতে থাকা বোর্ডের জন্য ভারতের মাটিতে খেলা মানেই বিশাল অঙ্কের রাজস্বের নিশ্চয়তা।
আয়ারল্যান্ডে ভারতের সফর: চলতি বছরের জুনেই আয়ারল্যান্ডের মাটিতে দুটি টি-টোয়েন্টি খেলার ঘোষণা দিয়েছে ভারত। সাধারণত ছোট বোর্ডগুলো ভারতের সঙ্গে সিরিজ খেলার জন্য বছরের পর বছর অপেক্ষা করে থাকে। কিন্তু বাংলাদেশের বিপদে ভারতকে সমর্থন দেওয়ায় আয়ারল্যান্ডকে এই সুযোগটি দ্রুত করে দিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন: উইজডেন সম্পাদকীয়তে ভারতের তীব্র সমালোচনা, আছেন মোস্তাফিজও
ক্রিকেট বিশ্লেষকদের মতে, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের এই সিরিজগুলো কোনো সাধারণ সূচি নয়; বরং এটি বাংলাদেশের বিপক্ষে ভারতের রাজনৈতিক অবস্থানে ঘি ঢালার ‘পারিশ্রমিক’। বিসিবির অনুরোধ পায়ে ঠেলে ভারতের অনুগত থাকাতেই এই দুই দুর্বল বোর্ড এখন লাভবান হচ্ছে।

