টি-২০ বিশ্বকাপে কানাডা দলের দুর্নীতি নিয়ে তদন্তে আইসিসি।টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠেছে। ছবি: ইএসপিএন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার একটি ম্যাচ ঘিরে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট (এসিইউ) বর্তমানে এই ঘটনার তদন্ত করছে। কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি (CBC)-এর একটি অনুসন্ধানী তথ্যচিত্রে (ডকুমেন্টারি) ক্রিকেট কানাডার অভ্যন্তরীণ দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের এসব চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা হয়েছে।

তদন্তের মুখে দিলপ্রীত বাজওয়ার সেই ওভার

অনুসন্ধানী তথ্যচিত্র ‘করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’-এর দাবি অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে Canada’র ম্যাচটি সন্দেহের তালিকায় রয়েছে। বিশেষ করে কিউইদের রান তাড়ার সময় পঞ্চম ওভারে অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে।

সেই ওভারে বাজওয়া একটি নো-বল এবং লেগ সাইডে ওয়াইডসহ মোট ১৫ রান খরচ করেন। টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ আগে ২২ বছর বয়সী বাজওয়াকে অধিনায়ক করা হয়েছিল, যা নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল।

কোচদের ওপর চাপ ও দল নির্বাচনে হস্তক্ষেপ

তদন্তের দ্বিতীয় অংশটি মূলত দল নির্বাচনে অনৈতিক হস্তক্ষেপ নিয়ে। কানাডার সাবেক কোচ খুররাম চৌহানের একটি ফাঁস হওয়া ফোনালাপে দাবি করা হয়েছে, বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে নিতে তাঁর ওপর চাপ সৃষ্টি করতেন।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসিতে বাংলাদেশের ‘ম্যাসিভ ভিক্টরি’র নেপথ্য কাহিনী

একই অভিযোগ করেছেন আরেক সাবেক কোচ পুবুদু দাসানায়েকেও। ২০২৪ বিশ্বকাপের দল নির্বাচনে কথা না শোনায় তাঁকে বরখাস্তের হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। দাসানায়েকে বর্তমানে ক্রিকেট কানাডার বিরুদ্ধে মামলা লড়ছেন।

প্রশাসনিক বিশৃঙ্খলা ও অপরাধচক্রের যোগসূত্র

ক্রিকেট কানাডার সাবেক সিইও সালমান খানের নিয়োগ নিয়েও আইসিসি তদন্ত করছে। তাঁর বিরুদ্ধে ক্যালগারি পুলিশ চুরি ও জালিয়াতির অভিযোগ এনেছে। এছাড়া তথ্যচিত্রটিতে দাবি করা হয়েছে, কানাডার খেলোয়াড়দের প্রাইজমানি দিতে দেরি করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে তাঁদের কোনো কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।

এমনকি সাবেক এক খেলোয়াড়কে হুমকি দেওয়ার ঘটনায় এই দুর্নীতির পেছনে আন্তর্জাতিক অপরাধচক্রের হাত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুন: আইসিসি দিল সুখবর, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ

ICC’র ইন্টিগ্রিটি ইউনিটের অন্তর্বর্তীকালীন জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ জানিয়েছেন, তাঁরা এই অভিযোগগুলো সম্পর্কে অবগত এবং যথাযথ গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছেন।