ওয়ানডেতে ৪র্থ সেঞ্চুরির পথে শান্তর শট।ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি এবং লিটন দাসের লড়াকু ফিফটিতে ভর করে বড় সংগ্রহের ভিত পেয়েছে স্বাগতিকরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২১ রান।

শুরুতেই ব্যাটিং বিপর্যয়

টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক টম ল্যাথাম। তবে শুরুটা মোটেও সুখকর ছিল না টাইগারদের জন্য। ইনিংসের দ্বিতীয় বলেই উইলিয়াম ও’উরকের বলে শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান।

আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমও আজ সুবিধা করতে পারেননি, ৫ বলে মাত্র ১ রান করে ফেরেন তিনি। অভিজ্ঞ সৌম্য সরকার শুরুটা ভালো করলেও ২৬ বলে ১৮ রানে থামলে মাত্র ৯ রানে ২ উইকেট এবং পরে দলীয় ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ।

শান্ত-লিটনের ১৬০ রানের জুটি

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। শুরুতে দেখে-শুনে খেললেও থিতু হওয়ার পর কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। ১টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৯১ বলে ৭৬ রান করে লিটন দাস আউট হলে ভাঙে ১৭৮ বল স্থায়ী ১৬০ রানের মহাগুরুত্বপূর্ণ জুটি। জেডেন লেনক্সের বল স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন লিটন।

আরও পড়ুন: তামিম-শান্তর ফিফটি, ৮৭ বল হাতে রেখেই কিউইদের হারাল বাংলাদেশ

শান্তর চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি

একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। ২০ ইনিংস পর এই সংস্করণে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। ২ ছক্কা ও ৯ চারের সাহায্যে ১১৪ বলে ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার।

এর আগে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে এই চট্টগ্রামেই সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত; ১১৯ বলে ১০৫ রান করে লেনক্সের বলেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

আরও পড়ুন: শান্তর ঝড়, মুশফিকের ফিফটিতে সিলেটকে হারালো রাজশাহী

ম্যাচ পরিস্থিতি

বর্তমানে ক্রিজে রয়েছেন তাওহিদ হৃদয় ও নতুন ব্যাটসম্যান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হৃদয় ১৬ রানে অপরাজিত আছেন। শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ এখন শান্ত-লিটন জুটির কল্যাণে লড়াই করার মতো পুজি নিশ্চিত করেছে।