তামিমের নেতৃত্বাধীন বিসিবির বোর্ড সভা।বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বে বোর্ড সভা। ফাইল ছবি

দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এখন নির্বাচনী হাওয়া। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর দায়িত্ব নেওয়া তামিম ইকবালের ১১ সদস্যের অ্যাড-হক কমিটির মূল লক্ষ্যই ছিল ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্য পূরণে কাজ চলছে পুরোদমে। আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

তফসিল ঘোষণার আগেই পদত্যাগ

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমান অ্যাড-হক কমিটির কোনো সদস্য যদি আসন্ন নির্বাচনে অংশ নিতে চান, তবে তাঁদের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে হবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমান কমিটির ১১ সদস্যের মধ্যে ৭ থেকে ৮ জনই আগামী নির্বাচনে লড়তে আগ্রহী।

ফলে আগামী সপ্তাহের মধ্যেই বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে বর্তমান কাঠামোতে। কমিটির সদস্যদের পদত্যাগের পরই নির্বাচনের চূড়ান্ত সময়সীমা বা তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচনী দৌড়ে থাকছেন যারা

অ্যাড-হক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার সময়ই তামিম ইকবাল স্পষ্ট করেছিলেন যে, তিনি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তামিমের পাশাপাশি এই দৌড়ে বড় চমক হিসেবে নাম লিখিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি আজ নিশ্চিত করেছেন, নির্বাচনে লড়ার লক্ষ্যে তিনি দ্রুতই পদত্যাগ করবেন।

আরও পড়ুন: বিসিবি নির্বাচন কবে, তারিখ জানিয়ে দিলেন তামিম ইকবাল

নান্নু জানান, যেহেতু তাঁর নির্দিষ্ট কোনো ক্লাব নেই, তাই তিনি ‘ক্যাটাগরি-সি’ (সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের কোটা) থেকেই নির্বাচন করার পরিকল্পনা করছেন। এছাড়া রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহার মতো অভিজ্ঞ সংগঠকরাও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নির্বাচন থেকে দূরে থাকছেন যারা

অ্যাড-হক কমিটির সবাই যে নির্বাচনের লড়াইয়ে নামছেন, তেমনটি নয়। তানজীল চৌধুরী আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না। অন্যদিকে, সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানও নির্বাচন থেকে দূরে থাকছেন বলে জানা গিয়েছে।

মূলত যারা নির্বাচন করবেন না, তারাই তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালনা করবেন।

আরও পড়ুন: নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল!