অ্যানফিল্ডে লিভারপুলের জার্সিতে সালাহ ও কার্টিস জোন্স।সালাহর পথ ধরে লিভারপুল ছাড়তে পারেন জোন্স। ছবি: স্কাই স্পোর্টস

চলতি মৌসুম শেষে লিভারপুল স্কোয়াডে যে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, তা এখন নিশ্চিত। মোহাম্মদ সালাহ ও অ্যান্ডি রবার্টসনের বিদায়ের ঘোষণার পর এবার নতুন করে আলোচনার কেন্দ্রে মিডফিল্ডার কার্টিস জোন্স।

জনপ্রিয় দলবদল বিশেষজ্ঞ ফ্যাবিও রোমানো জানিয়েছেন, ক্লাবের সঙ্গে জোন্সের চুক্তি নবায়ন নিয়ে আলোচনা বর্তমানে ‘টোটাল স্ট্যান্ডবাই’ বা থমকে আছে। ফলে আগামী মৌসুমে এই ইংলিশ তারকাকে লিভারপুলের জার্সিতে দেখার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

ইতালিতে যাওয়ার জোরালো গুঞ্জন

ফ্যাবিও রোমানো তাঁর লেটেস্ট ‘হেয়ার উই গো’ পডকাস্টে প্রকাশ করেছেন যে, ২০২৭ সালে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া জোন্সের সাথে নতুন কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ।

রোমানো বলেন, “কার্টিস জোন্স ও লিভারপুলের মধ্যে চুক্তি নিয়ে বর্তমানে কোনো অগ্রগতি নেই। এই পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি, কারণ প্রিমিয়ার লিগের পাশাপাশি সিরি-এ জায়ান্ট ইন্টার মিলান তাঁকে দলে নিতে বেশ আগ্রহী।”

গত জানুয়ারিতেও ইন্টার তাঁকে নেওয়ার চেষ্টা করেছিল এবং তারা এখনও জোন্সের ওপর কড়া নজর রাখছে।

আরও পড়ুন:
লিভারপুল শেষে সালাহর সামনে তিন পথ: সৌদি, মেসি বা ইতালি!

অ্যালিসনও কি ছাড়ছেন অ্যানফিল্ড?

কেবল কার্টিস জোন্সই নন, লিভারপুল সমর্থকদের জন্য আরও দুঃসংবাদ হলো গোলরক্ষক অ্যালিসন বেকারের সম্ভাব্য বিদায়। গুঞ্জন রয়েছে, ব্রাজিলের এই তারকা গোলরক্ষক সিরি-এ ক্লাব জুভেন্টাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

যদি অ্যালিসন ও জোন্স দুজনই ইতালিতে পাড়ি জমান, তবে আর্নে স্লটের লিভারপুল এক বিশাল শূন্যতার মুখে পড়বে।

একাডেমি গ্র্যাজুয়েটকে হারানো কি ঠিক হবে?

কার্টিস জোন্স লিভারপুলের নিজস্ব একাডেমি থেকে উঠে আসা একজন খেলোয়াড়। ক্লাবের সংস্কৃতির সাথে তাঁর নাড়ির টান অন্য যেকোনো বিদেশি খেলোয়াড়ের চেয়ে বেশি। গত কয়েক মৌসুমে মাঝমাঠে নিয়মিত পারফর্ম করে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

এমন একজন ‘হোমগ্রোন’ খেলোয়াড়কে যখন দলবদল বাজারে ছেড়ে দেওয়ার কথা উঠছে, তখন অনেক বিশেষজ্ঞই একে একটি ‘অদ্ভুত’ সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

লিভারপুলের মতো শীর্ষ ক্লাবে একাডেমি খেলোয়াড়দের গুরুত্ব অপরিসীম, তাই তাঁকে ধরে রাখাটাই বুদ্ধিমানের কাজ হতো বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আরও পড়ুন:
মোহাম্মদ সালাহর লিভারপুল ছাড়ার নেপথ্য কাহিনী

আর্নে স্লটের নতুন পরিকল্পনা

লিভারপুল কোচ আর্নে স্লট আগামী মৌসুমে একটি নতুন ও শক্তিশালী স্কোয়াড গড়ার লক্ষ্যে কাজ করছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই হয়তো অভিজ্ঞ ও পুরনো কিছু মুখকে ছেড়ে দিয়ে নতুন রক্ত আনতে চাইছে ক্লাবটি।

তবে সালাহ, রবার্টসন, অ্যালিসন এবং এখন কার্টিস জোন্স—একসাথে এত জন অভিজ্ঞ খেলোয়াড়ের বিদায় লিভারপুলকে কতটা ভোগাবে, সেটিই এখন দেখার বিষয়।