অবশেষে ঘুচল দীর্ঘ ৯ বছরের আক্ষেপ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঘরের চেনা দর্শকদের সামনে ট্রফি উঁচিয়ে ধরলেন বাবর আজম। পেশোয়ার জালমিকে শিরোপা জেতানোর পর অধিনায়ক হিসেবে প্রথম পিএসএল জয়ের রাতে সামাজিক যোগাযোগমাধ্যম আর সংবাদ সম্মেলনে ঝরল বাবরের আবেগ।
নিজের ভাগ্য, ফেলে আসা কঠিন সময় এবং সমালোচকদের কড়া জবাব দিয়ে বাবর সাফ জানিয়ে দিলেন, তিনি কোনো বিশেষ সংস্করণে সীমাবদ্ধ থাকতে চান না। বরং টেস্ট ক্রিকেটের ধৈর্য আর সাদা বলের আগ্রাসন—এই দুইয়ের মেলবন্ধনে তিন ফরম্যাটেই নিজের আধিপত্য ধরে রাখতে মুখিয়ে আছেন এই আধুনিক ক্রিকেটের বরপুত্র।
বাবরের আবেগঘন বার্তা
অধিনায়ক হিসেবে প্রথম পিএসএল শিরোপা জিতে বাবর আজম তাঁর ভাগ্যের ওপর বিশ্বাসের কথা জানান। ট্রফি পাশে রেখে তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস আপনার ভাগ্যে যা নির্ধারিত, সেটা আপনি পাবেনই। এটা পেতে কিছুটা সময় লাগতে পারে কিংবা দ্রুতও চলে আসতে পারে। তবে প্রত্যেকের সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।”
নিজের খারাপ সময় এবং প্রত্যাবর্তন নিয়ে বাবর বলেন, “আমার প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারিনি, তবে একজন ব্যাটারের তার খেলার ধরন নিয়ে সমস্যায় পড়া স্বাভাবিক।”
“আপনাকে একটু পেছনে ফিরতে হবে এবং মূল্যায়ন করতে হবে যে আপনি কোথায় ভুল করছেন এবং সংশোধন করতে হবে।”
“এমন সময়গুলোতে আপনার সমর্থন প্রয়োজন পড়ে এবং আমার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে উজ্জীবিত রেখেছিল।”
জীবনের দর্শন নিয়ে তিনি যোগ করেন, “জীবন অনেকটা রোলার কোস্টারের মতো। কিছু বিষয় কখনো একই রকম থাকে না। আপনার ভালো ও খারাপ অভিজ্ঞতা থেকে শিখতে হয়। এভাবেই জীবন চলে।”
আরও পড়ুন:
পাকিস্তানের অধিনায়কত্বে ফিরবেন বাবর আজম? যা জানা গেল
তিন ফরম্যাটেই থাকতে চান বাবর
টেস্ট সিরিজে মাঠে নামার আগে বাবর তাঁর সাদা ও লাল বলের ক্রিকেটের পরিকল্পনাও স্পষ্ট জানিয়ে দেন।
“আমি জানি আপনারা কী প্রশ্ন করতে চাইছেন। আমার মনোযোগ তিন ফরম্যাটের সবগুলোতেই। আমি মনে করি একজন ব্যাটারের সব ক্রিকেট খেলা উচিত, তার শুধু সাদা বলের ক্রিকেটে সীমাবদ্ধ থাকা উচিত নয়।”
বাবর বলেন, “লাল বলের ক্রিকেট আপনাকে লম্বা সময়ের ব্যাটিং শৈলী শেখাবে এবং আপনার মধ্যে ধৈর্য জাগিয়ে তুলবে। এটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কীভাবে আপনি বেশি রান করতে পারেন।”
লাল বলের ক্রিকেট থেকে পাওয়া শিক্ষা সাদা বলের ক্রিকেটে সাহায্য করবে বলেও মন্তব্য করেন পাকিস্তানি তারকা।
এবারের আসরে ১২ ইনিংসে ১৪৫.৯০ স্ট্রাইক রেটে ৫৮৮ রান করে টুর্নামেন্টের ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছেন বাবর।
এবার বাবর আজম-নাহিদ রানা লড়াই
পিএসএলে একই দলে খেলেছেন। গড়ে ওঠেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু নিজ নিজ দেশের হয়ে খেলতে নামলে উভয়কেই লড়তে হবে সব সামর্থ্য দিয়ে। এই লড়াই শিগগিরই!
আগামী ৮ মে থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। পিএসএল ফাইনাল শেষে আজই বাবরের ঢাকায় আসার কথা। নাহিদ রানাও দলের সঙ্গে যোগ দেবেন।
টেস্টের ময়দানে তাই এ দুজনের মুখোমুখি হওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। কেমন হবে সেই লড়াই? এর উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যারন হার্ডি।
পিএসএল ফাইনালে বাবর ও রানার সতীর্থ হার্ডি বলেন, “আমি জানি, সপ্তাহখানেকের মধ্যে নাহিদের টেস্ট খেলা আছে। এটাও জানি যে বাবর তাকে মোকাবিলা করার জন্য মোটেও মুখিয়ে নেই। তাই সেখানে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাই হবে।”
প্রতিদ্বন্দ্বিতা কেমন হয়, আপাতত তা দেখতে সময়ের অপেক্ষা!

