বাংলাদেশের ফুটবল ভক্তদের বড় এক আশার গুড়ে বালি! জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে যাঁর নাম নিয়ে সবচেয়ে বেশি শোরগোল ছিল, সেই হাই-প্রোফাইল ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকেল আর লাল-সবুজের ডেরায় আসছেন না। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার প্রস্তাব ও আলোচনা চললেও শেষ পর্যন্ত নিজ দেশের ক্লাব ‘লন্ড্রিনা এসপোর্টে ক্লাব’-এ (Londrina Esporte Clube) প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি।
ব্রাজিলিয়ান এই ক্লাবটি আনুষ্ঠানিকভাবে মিকেলকে তাদের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে বাফুফের সঙ্গে তাঁর কোচ হওয়ার আলোচনার অবসান ঘটল।
কেন ভেস্তে গেল আলোচনা?
বাফুফে সূত্রে জানা গিয়েছিল, ২০১৬ রিও অলিম্পিকে নেইমারদের স্বর্ণ জেতানো এই কোচের চাহিদা ছিল আকাশচুম্বী। মাসিক বেতন হিসেবে তিনি প্রায় ২৫ থেকে ৩০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০-৩৬ লাখ টাকা) দাবি করেছিলেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মিকেলকে পাওয়ার জন্য সরকারের উচ্চপর্যায়ে দৌড়ঝাঁপ করলেও শেষ পর্যন্ত আর্থিক বনিবনা এবং বাফুফের সিদ্ধান্তহীনতায় মিকেল আর অপেক্ষা করেননি।
ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, ৫৭ বছর বয়সী এই কোচ ব্রাজিলের ‘সিরি-বি’ লিগে ধুঁকতে থাকা লন্ড্রিনা ক্লাবকে টেনে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, এই ক্লাবের সঙ্গেই তাঁর নাড়ির টান—খেলোয়াড়ী জীবনে নব্বইয়ের দশকে এই ক্লাবেরই গোলরক্ষক ছিলেন তিনি।
আরও পড়ুন:
নেইমারের ‘বস’ চান ৩৬ লাখ: মন্ত্রীর কাছে গেলেন তাবিথ আউয়াল
সোশ্যাল মিডিয়ার গুঞ্জনই সত্যি হলো
শুক্রবার বিকেলেও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দাবি করেছিলেন, মিকেলকে নিয়ে ছড়ানো গুঞ্জন ভিত্তিহীন এবং তিনি বাংলাদেশের কোচ হতে আগ্রহী। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই ব্রাজিলের ক্লাবটি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসায় বাফুফের দাবিটি এখন প্রশ্নের মুখে।
বোঝা যাচ্ছে, বাফুফের প্রস্তাবিত বেতন এবং ইন্টারভিউ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা পছন্দ হয়নি এই হাই-প্রোফাইল কোচের।
সাফল্যে মোড়ানো ক্যারিয়ার
রোজেরিও মিকেল বিশ্ব ফুটবলে পরিচিত নাম মূলত ২০১৬ অলিম্পিকে ব্রাজিলকে অধরা স্বর্ণপদক জেতানোর কারণে। নেইমার, গ্যাব্রিয়েল জেসুসদের মতো তারকাদের তিনি কোচিং করিয়েছেন।
সম্প্রতি তিনি মিশর অলিম্পিক দলের দায়িত্বেও ছিলেন এবং প্যারিস অলিম্পিকে দলটিকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।
এখন কী করবে বাফুফে?
মিকেল হাতছাড়া হওয়ায় এখন বিকল্প খুঁজতে হচ্ছে বাফুফেকে। আগামী ১৫ মের মধ্যে কোচ নিয়োগের যে সময়সীমা তাবিথ আউয়াল বেঁধে দিয়েছেন, তাতে এখন তালিকায় থাকা বাকি ৪-৫ জন কোচের মধ্যে কাউকে বেছে নিতে হবে।
৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচের আগে নতুন ‘মাস্টারমাইন্ড’ খুঁজে পাওয়া এখন বাফুফের জন্য বড় অগ্নিপরীক্ষা।
আরও পড়ুন:
১৫ মের মধ্যেই হামজাদের নতুন কোচের সঙ্গে চুক্তি: তাবিথ আউয়াল

