বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী কোচ কে হচ্ছেন—এই ধোঁয়াশা কাটাতে অবশেষে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। শুক্রবার (৮ মে) বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে সাংবাদিকদের তিনি নিশ্চিত করেন, আগামী ১৫ মে’র মধ্যে নতুন কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে চায় ফেডারেশন।
রোববারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত
তাবিথ আউয়াল জানান, জাতীয় দলের কোচ নির্বাচনের প্রক্রিয়াটি বর্তমানে একেবারে শেষ ধাপে রয়েছে। রোববারের মধ্যে হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
তিনি বলেন, “জাতীয় দল কমিটি বর্তমানে সাক্ষাৎকার গ্রহণ করছে। ইতোমধ্যে পাঁচজন কোচের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আশা করছি, আগামী রোববারের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব এবং ১৫ মের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।”
আরও পড়ুন:
নেইমারের ‘বস’ চান ৩৬ লাখ: মন্ত্রীর কাছে গেলেন তাবিথ আউয়াল
মিকেলকে নিয়ে গুঞ্জন নাকচ
২০১৬ অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ জেতানো কোচ রোজারিও মিকেল বাংলাদেশকে নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বাফুফে সভাপতি।
তাবিথ বলেন, “সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই শোনা যেতে পারে। আমি অনুরোধ করব ফেডারেশনের আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভর করতে। আমরা যাদের সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই অত্যন্ত আগ্রহী এবং রোববারে আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।”
বাজেট নয়, প্রাধান্য পাচ্ছে যোগ্যতা
হাই-প্রোফাইল কোচ নিয়োগের ক্ষেত্রে বড় অন্তরায় ধরা হচ্ছিল বাফুফের আর্থিক সীমাবদ্ধতাকে। তবে তাবিথ আউয়াল জানিয়ে দিলেন, যোগ্য কোচের জন্য প্রয়োজনে বাজেটের বাইরে গিয়েও অর্থ সংস্থান করা হবে।
তাঁর মতে, “বাজেট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই শেষ কথা নয়। যোগ্য কোচের জন্য যদি বাজেটের বাইরে যেতে হয়, তবে আমরা স্পন্সর, সরকার এমনকি সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ করব।”
জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগেই কোচ নিয়োগের এই ঘোষণা ফুটবলার ও সমর্থকদের মনে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। এখন দেখার বিষয়, রোববারের সংক্ষিপ্ত তালিকায় নেইমারের সেই সাবেক ‘বস’ মিকেল থাকেন কি না।
আরও পড়ুন:
হামজা-শামিতদের কোচ: সংক্ষিপ্ত তালিকায় ১০ জন, সিদ্ধান্ত ৩ দিনে

