Neymar smiling in Brazil national football team jersey.ব্রাজিল ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার। ছবি: গেটি ইমেজেস

আগামীকাল সোমবার (১৮ মে) বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার আগে বেশিরভাগ পজিশন চূড়ান্ত হয়ে গেলেও একটি সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে চলছে জোর আলোচনা। তিনি আর কেউ নন, ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। যার আন্তর্জাতিক ভবিষ্যৎ দীর্ঘদিন ধরে অনিশ্চিত ছিল, তিনিই এখন সবচেয়ে বড় চমক হিসেবে দলে ফিরতে চলেছেন।

গত কয়েক দিনে ব্রাজিলের ফুটবল অঙ্গনে চিত্রপট দ্রুত বদলে গেছে। যা একসময় দূর আকাশের তারা মনে হচ্ছিল, তা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আনচেলত্তির সংবাদ সম্মেলনের আগে এখন দলটির সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে কে থাকবেন না থাকবেন, এটার চেয়ে নেইমার থাকবেন কিনা, সেটাই হয়ে গেছে মূল আলোচ্য বিষয়!

ব্রাজিলিয়ান গণমাধ্যমের বড় দাবি

ব্রাজিলের একাধিক প্রভাবশালী গণমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপ দলে নেইমারের ডাক পাওয়ার সম্ভাবনা এখন প্রবল। দলটির ভেতরকার আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে।

আরও পড়ুন:
চারদিক থেকে সুসংবাদ পাচ্ছেন ব্রাজিল তারকা নেইমার, গোলও করছেন

যেমন ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ইউওএল’ (UOL) তাদের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, “সান্তোস এই তথ্য নিয়ে কাজ করছে যে, সোমবার ঘোষণা হতে যাওয়া তালিকায় নেইমারের নাম থাকছে।”

সান্তোসের ভেতরের এই গুঞ্জন ফুটবলপাড়ায় শোরগোল আরও বাড়িয়ে দিয়েছে।

আনচেলত্তির সবুজ সংকেত ও এস্তেভাওয়ের চোট

নেইমারের ফেরার পেছনে খোদ কোচ কার্লো আনচেলত্তিরও বড় ভূমিকা রয়েছে। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই তারকাকে প্রশংসায় ভাসিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই গুরু। তখনই ইঙ্গিত মিলেছিল, নেইমারের জন্য সেলেসাওদের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। আনচেলত্তি বিশ্বাস করেন, নেইমার তার সেরা ফর্মে না থাকলেও যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

তবে নেইমারের দলে ফেরার পথটা আরও সহজ করে দিয়েছে তরুণ উইঙ্গার এস্তেভাওয়ের গুরুতর চোট। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। আনচেলত্তির অধীনে এস্তেভাও দ্রুতই দলের নিয়মিত স্টার্টার এবং অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন।

টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে তার মতো একজন নির্ভরযোগ্য ফরোয়ার্ডকে হারানো ব্রাজিলের আক্রমণভাগের জন্য বড় এক ধাক্কা। ফলে আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে নেইমারের চেয়ে যোজ্ঞ অভিজ্ঞ ফুটবলার আর কেউ হতে পারে না।

২০২৩ সালের অক্টোবরে এসিএল (ACL) চোটের পর থেকে আর জাতীয় দলে ডাক পাননি নেইমার। দীর্ঘ প্রায় তিন বছর পর অবশেষে ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান এই তারকার চিরচেনা হলুদ জার্সিতে ফেরার অপেক্ষা ফুরাচ্ছে।

আরও পড়ুন:
এক শর্তে নেইমারকে বিশ্বকাপে নেবেন আনচেলত্তি!