মাঠে সান্তোসের জার্সিতে ব্রাজিল তারকা নেইমার।ব্রাজিল ফুটবলের অন্যতম মহাতারকা নেইমার। ছবি: গেটি

বিশ্বকাপ দল ঘোষণার ঠিক আগমুহূর্তে নিজের চোট, ফিটনেস ও দলে থাকা নিয়ে চলা সব সমালোচনা ও গুঞ্জনের কড়া জবাব দিলেন নেইমার জুনিয়র। আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় মধ্যরাতে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সেলেসাওদের সেই চূড়ান্ত তালিকায় নিজের নাম থাকবে কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে আগ্রহ এখন তুঙ্গে।

গতকাল রোববার ব্রাজিলিয়ান লিগে করিতিবার কাছে সান্তোসের ৩-০ গোলের হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন ৩৪ বছর বয়সী এই তারকা।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা নেইমার নিজের ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী।

তিনি বলেন, “শারীরিকভাবে আমি দারুণ বোধ করছি। প্রতিটি ম্যাচের সঙ্গেই আমার উন্নতি হচ্ছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কাজটা মোটেও সহজ ছিল না, আমি স্বীকার করছি।”

সমালোচকদের ধুয়ে দিলেন নেইমার

দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় নেইমারের দায়বদ্ধতা ও ফর্ম নিয়ে ব্রাজিলের ফুটবলপাড়ায় কম সমালোচনা হয়নি। তবে মাঠের বাইরের সেই কটূক্তি নিয়ে এবার ক্ষোভ উগরে দিয়েছেন সান্তোসের এই মহাতারকা। নেইমার বলেন, “বছরের পর বছর কঠোর পরিশ্রমের পাশাপাশি আমার কন্ডিশন ও কর্মকাণ্ড নিয়ে অনেক ফালতু কথা বলা হয়েছে। আমি ঘরে বসে নীরবে কষ্ট সহ্য করে কঠোর পরিশ্রম করেছি, যার ফল এখন হাতেনাতে মিলছে।”

মজার ব্যাপার হলো, সান্তোসের হয়ে কাল শেষ ম্যাচে চতুর্থ রেফারির এক অদ্ভুত ভুলে ভুলবশত মাঠ থেকে তুলে নেওয়া হয় নেইমারকে, যা নিয়ে সাইডলাইনে চরম নাটকীয়তার সৃষ্টি হয়েছিল। তবে সেই বিতর্ক একপাশে রেখে বিশ্বকাপ দলে নিজের জায়গা পাওয়া নিয়ে বেশ পরিণত মন্তব্য করেছেন ব্রাজিলের এই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

আরও পড়ুন:
সান্তোসের ম্যাচে রেফারির অদ্ভুত ভুলে মাঠছাড়া নেইমার

নেইমার স্পষ্ট জানান, “আমি দলে থাকার যোগ্য কি না, সেই সিদ্ধান্ত কেবল আনচেলত্তিই নেবেন। তবে যদি আমি নির্বাচিত নাও হই, তাহলেও সাধারণ সমর্থক হিসেবে ঘর থেকে ব্রাজিলের জন্য গলা ফাটাব, দলের জয়ে আনন্দ করব।”

‘সবুজ সংকেত’ দিলেন আনচেলত্তি

নেইমারকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিতর্ক থাকলেও ব্রাজিলের ড্রেসিংরুমে তার প্রভাব নিয়ে ভীষণ ইতিবাচক কোচ কার্লো আনচেলত্তি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড নেইমারের প্রশংসায় বলেন, “আমি খুব ভালো করেই জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, দলের খেলোয়াড়দের কাছেও ভীষণ জনপ্রিয়। নেইমারকে দলে রাখলে ড্রেসিংরুম কোনোভাবে অশান্ত হবে না। সে সবার খুব প্রিয়।”

এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউওএল’ (UOL) সান্তোসের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, আজ সোমবার ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের নাম থাকার বিষয়ে সান্তোস নিশ্চিত তথ্য পেয়েছে। এছাড়া তরুণ ফরোয়ার্ড এস্তেভাওয়ের গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ব্রাজিলের আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে নেইমারের অভিজ্ঞতার ওপরই ভরসা রাখতে পারেন আনচেলত্তি।

আরও পড়ুন:
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের সব আলো কেড়ে নিচ্ছেন নেইমার!