আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনেইরুর মিউজিয়াম অব টুমরোতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের এই দল প্রকাশ করেন। এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক দেখিয়েছে স্থানীয় ক্লাব ফ্ল্যামেঙ্গো। ঘরোয়া লিগের এই ক্লাবটি থেকে সর্বোচ্চ চারজন ফুটবলার ডাক পেয়েছেন সেলেসাওদের মূল দলে, যা ব্রাজিলের ফুটবল ইতিহাসে দীর্ঘ তিন দশক পর দেখা গেল।
ফ্ল্যামেঙ্গোর ঐতিহাসিক প্রাপ্তি
এর আগে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ঘরোয়া ক্লাব সাও পাওলো থেকে সর্বোচ্চ চারজন ফুটবলার ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন।
ঠিক ৩০ বছর পর এবার ফ্ল্যামেঙ্গো সেই কীর্তি ছুঁল। আনচেলত্তির দলে ডাক পাওয়া ফ্ল্যামেঙ্গোর চার তারকা হলেন— ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিও পেরেইরা এবং মিডফিল্ডার লুকাস পাকেতা। অবশ্য কোচের ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায় ক্লাবটির সাতজন থাকলেও চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেদ্রো, লিও অর্টিজ ও সামুয়েল লিনো।
এছাড়া ইউরোপের ক্লাবগুলোর মধ্যে ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে দুজন করে ফুটবলার সুযোগ পেয়েছেন।
সুইডেন বিশ্বকাপের স্মৃতি ও ৯ প্রতিনিধির সম্ভাবনা
১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের পর এবারই প্রথম ফ্ল্যামেঙ্গো থেকে একসঙ্গে চারজন ফুটবলার সেলেসাও স্কোয়াডে এলেন।
সেবার ক্লাবটি থেকে ডাক পেয়েছিলেন জাগালো, দিদা, জোয়েল ও মোয়াসির; যাদের হাত ধরে প্রথম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তবে এবারের বিশ্বকাপে ফ্ল্যামেঙ্গোর মোট ফুটবলারের সংখ্যা আরও বাড়তে পারে। উরুগুয়ের হয়ে আরাসকাইতা, ভারেলা ও দে লা ক্রুজের খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া কলম্বিয়ার জার্সিতে কারাসকাল এবং ইকুয়েডরের হয়ে প্লাতা ডাক পেলে মেগা ইভেন্টটিতে ফ্ল্যামেঙ্গোর মোট প্রতিনিধির সংখ্যা দাঁড়াবে ৯ জনে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে যোগ দেবেন তারকারা
বিশ্বকাপের জন্য আগামী ২৭ মে থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে ব্রাজিল দল। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হতে যাওয়া আর্সেনাল ও পিএসজি শিবিরে থাকা ব্রাজিলের ফুটবলাররা শুরুতে ক্যাম্পে যোগ দিতে পারছেন না। হাঙ্গেরির বুদাপেস্টে ৩০ মে ফাইনাল ম্যাচটি খেলে তবেই তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
আরও পড়ুন:
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে রাখলেন আনচেলত্তি

