পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২৬ বছরের টেস্ট ইতিহাসে নিজেদের সেরা সাত নম্বর র্যাঙ্কিংয়ে উঠে এসেছে শান্তর দল। ঐতিহাসিক এই অর্জনের পর নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের বিশেষ বোনাস দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই বোনাস ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটাররা।
বোনাস না নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে একটি ‘বড় দাবি’ জানিয়েছেন মুশফিক-শান্তরা। ক্রিকেটাররা চান, বোনাসের টাকা অন্য খাতে তথা জুনিয়র ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর কাজে খরচ করা হোক। এই দাবি মেনে নিয়েছেন তামিম।
আজ বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
তিনি বলেন, ‘‘ক্রিকেটারদের কাছ থেকে একটা জিনিস এসেছে, যেটার আমি খুব প্রশংসা করি। তারা বলছে, ‘ভাইয়া বোনাস আমাদের দরকার নেই। তবে আপনারা যদি সর্বোচ্চ সুবিধা দিয়ে জিম আর সঙ্গে সুইমিং পুলটা করে দেন, তাইলে আমরা এটা আমাদের বোনাস হিসেবেই ধরে নেব।’’
আরও পড়ুন:
অভিমান থেকে ইতিহাস: অধিনায়ক শান্ত যেখানে বাংলাদেশের সেরা!
অনুজদের কথা ভেবে অনন্য সিদ্ধান্ত
বড় কোনো দলের বিপক্ষে সিরিজ জিতলে বিসিবি সবসময়ই ক্রিকেটারদের বোনাস দিয়ে থাকে। এবারও বোর্ড বোনাস দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু সিনিয়র ক্রিকেটাররা শুধু নিজেদের কথা ভাবেননি। অনুর্ধ্ব-১৯, অনুর্ধ্ব-২৩ কিংবা এইচপি দলে থাকা তাঁদের ছোট ভাইয়েরাও যেন বিশ্বমানের সুবিধা পায়, সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
তামিম ইকবাল বলেন, “আমরা রেডি ছিলাম, বোনাস দেওয়া লাগলে দিতাম। কারণ, আমার কাছে মনে হয় সেটা প্রাপ্য। তবে এই উদ্যোগটার প্রশংসা করতে হবে। এই সুবিধাগুলো তাদের ছোট ভাইয়েরা যারা জুনিয়র ক্রিকেটে আছে, তারা পাবে।”
বিসিবিতে আসবে পৃথিবীর সেরা প্রযুক্তি
ক্রিকেটারদের এই ইউনিক দাবিতে ভীষণ খুশি হয়েছেন তামিম। তিনিও ক্রিকেটারদের সেই দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। মিরপুরের জিম ও সুইমিং পুলকে আধুনিকায়ন করতে পৃথিবীর সবচেয়ে সেরা প্রযুক্তি ব্যবহার করার কথা জানিয়েছেন বিসিবি প্রধান।
নতুন পরিকল্পনা নিয়ে তামিম বলেন, “আমি তাদের বলেছি যে পৃথিবীর সেরা যত সরঞ্জাম আছে, আমরা এই জিমটাকে খুব সুন্দরভাবে তৈরি করব। সুইমিং পুল, আইস বাথ করে দেব। হট বাথের জন্য সাম্প্রতিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যাতে বারবার বরফ আনা না লাগে, মেশিন আপনাআপনি পানি ঠান্ডা ও গরম করবে।”
আরও পড়ুন:
পাকিস্তানকে হারিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

