England manager Thomas Tuchel announces the 26-man World Cup squad.থমাস টুখেলের ইংল্যান্ড দলে বড় চমক। ছবি: গেটি

অবশেষে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। ট্রফি খরা কাটানোর এই মেগা মিশনে থ্রি-লায়ন্সদের নেতৃত্ব দেবেন তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অবশেষে টুখেলের দল নির্বাচন নিয়ে সব জল্পনাকল্পনার অবসান ঘটলেও, ফুটবল বিশ্বে বড় ধাক্কা দিয়েছে ফিল ফোডেন ও কোল পালমারের মতো দুই মহাতারকার বাদ পড়ার খবর।

প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে ২৬ জনকে বেছে নিতে টুখেলকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। জ্যুড বেলিংহাম কিংবা ননি মাদুয়েকের মতো ইনফর্ম তারকারা দলে জায়গা পেলেও ফোডেন-পালমারদের কপাল পুড়েছে। আক্রমণভাগে অধিনায়ক কেইনকে সহায়তার জন্য রাখা হয়েছে ইভান টনি, অলি ওয়াটকিন্স এবং মার্কাস রাশফোর্ডদের। উত্তর আমেরিকার মাটিতে দীর্ঘ ৬০ বছরের আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ ঘোচাতে তবে এই তারকাখচিত স্কোয়াডের ওপরই পূর্ণ আস্থা রাখছেন ইংলিশ বস।

দলে চমক ও নতুন মুখদের লড়াই

রিয়াল মাদ্রিদের ‘গ্যালাক্টিকো’ বেলিংহামের কাঁধেই থাকছে ইংল্যান্ডের প্লে-মেকিংয়ের মূল দায়িত্ব।

এছাড়া আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জেতা এবারিচি এজে এবং অ্যাস্টন ভিলার মরগান রজার্সও মাঝমাঠ সামলাবেন। সৌদি প্রো লিগে খেলা ইভান টনিকে আগে টুখেল বারবার উপেক্ষা করলেও, ঠিক বিশ্বকাপের মোক্ষম সময়ে তাঁকে দলে ফিরিয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডে মাইকেল ক্যারিকের অধীনে দুর্দান্ত খেলে দলে জায়গা করে নিয়েছেন তরুণ কোবি মাইনো।

আরও পড়ুন:
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বড় চমক, বাদ পড়ছেন ফোডেন-ম্যাগুয়ার!

চোটজর্জর মৌসুম কাটানো জন স্টোনস ফ্রি এজেন্ট হওয়ার দ্বারপ্রান্তে থাকলেও অভিজ্ঞতার কারণে দলে সুযোগ পেয়েছেন। রক্ষণভাগে চেলসি অধিনায়ক রিস জেমস ডান-ব্যাকের মূল ভরসা হলেও বাম-ব্যাকের পজিশনে লড়াই হবে নিকো ও’রেইলি ও ডিজেড স্পেন্সের মধ্যে। বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।

১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান, গ্রুপ পর্বে তাদের বাকি প্রতিপক্ষ ঘানা ও পানামা।

ইংল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)।

রক্ষণভাগ:
এজরি কনসা (অ্যাস্টন ভিলা), ড্যান বার্ন (নিউক্যাসল), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), মার্ক গেহি (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল), রিস জেমস (চেলসি), নিকো ও’রেইলি (ম্যানচেস্টার সিটি), ডিজেড স্পেন্স (টটেনহ্যাম)।

মিডফিল্ডার:
জ্যুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), ডেক্লান রাইস (আর্সেনাল), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), এবারিচি এজে (আর্সেনাল), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা)।

আক্রমণভাগ:
হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ইভান টনি (আল-আহলি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা (আর্সেনাল), ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা/ম্যানচেস্টার ইউনাইটেড), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।

আরও পড়ুন:
একসঙ্গে ছিটকে গেলেন একঝাঁক তারকা! তবুও ক্ষুব্ধ নন টুখেল