আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আজ শুক্রবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে যাচ্ছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তবে দল ঘোষণার আগেই ব্রিটিশ ফুটবলপাড়ায় শুরু হয়ে গেছে তীব্র আলোড়ন। ইংলিশদের বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার ফিল ফোডেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার। টুখেলের এই কঠিন সিদ্ধান্তে রীতিমতো ‘স্তব্ধ ও মর্মাহত’ ৩৩ বছর বয়সী ম্যাগুয়ার।
গত মার্চে জাপান ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও ছিলেন ফোডেন ও ম্যাগুয়ার।
তবে সিটির হয়ে চলতি মৌসুমটা চরম ধারাবাহিকতাহীন কেটেছে ফোডেনের। প্রিমিয়ার লিগে মাত্র ২২টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি; করেছেন ৭ গোল ও ৫ অ্যাসিস্ট। অন্যদিকে বাদ পড়ার খবর নিশ্চিত করে হ্যারি ম্যাগুয়ার তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, “চলতি মৌসুমে নিজের পারফরম্যান্সের পর আমি আত্মবিশ্বাসী ছিলাম যে দেশের হয়ে এই গ্রীষ্মে বড় ভূমিকা রাখতে পারব। সিদ্ধান্তটিতে আমি স্তব্ধ ও মর্মাহত। তবে দলের খেলোয়াড়দের জন্য আমার শুভকামনা রইল।”
বাদ পড়ছেন লুক-টোমোরি, কপাল খুলছে স্টোনসের
ম্যাগুয়ারের ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ লুক শ দুর্দান্ত এক মৌসুম কাটানো সত্ত্বেও দল থেকে বাদ পড়তে যাচ্ছেন। টুখেলের ৫৫ সদস্যের প্রাথমিক দলে তাঁর নাম থাকায় লুক শ-কে চূড়ান্ত দলে নেওয়ার তীব্র দাবি উঠেছিল। তবে নিউক্যাসলের ড্যান বার্ন এবং ম্যানচেস্টার সিটির নিকো ও’রেইলি ডাক পেতে যাওয়ায় জায়গা হারাচ্ছেন লুক শ। এছাড়া এসি মিলানের ডিফেন্ডার ফিকায়ো টোমোরিও বাদ পড়ার তালিকায় রয়েছেন।
আরও পড়ুন:
টুখেল জমানায় ইংল্যান্ড: আক্রমণভাগে ‘ওভারলোড’ বনাম রক্ষণভাগের দুশ্চিন্তা
ম্যাগুয়ার ও টোমোরির এই বাদ পড়া চোটজর্জর মৌসুম কাটানো জন স্টোনসের জন্য বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে। টুখেল স্টোনসকে দলের অন্যতম প্রধান চাবি মনে করলেও এই ম্যানসিটি ডিফেন্ডারের ফিটনেস নিয়ে চিন্তিত ছিলেন। এছাড়া দীর্ঘমেয়াদী হাঁটুর চোট কাটিয়ে ফেরা চেলসি ডিফেন্ডার লেভি কোলউইলও চূড়ান্ত দলে থাকার আশা করছেন। তবে টুখেলের অধীনে নিয়মিত খেলা ব্রেন্টফোর্ড মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন তাঁর জায়গা ধরে রাখবেন বলেই আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে বুকায়ো সাকা ও ডেক্লান রাইসের সাথে আর্সেনাল উইঙ্গার ননি মাদুয়েকেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেন।
আক্ষেপে শেষ হচ্ছে ম্যাগুয়ারের বিশ্বকাপ অধ্যায়
ইংল্যান্ডের হয়ে ৬৭ ম্যাচ খেলা ম্যাগুয়ার গত মাসেই বিবিসি স্পোর্টকে জানিয়েছিলেন, যেকোনো ভূমিকায় হলেও তিনি এই বিশ্বকাপে খেলতে মরিয়া।
তিনি বলেছিলেন, “আমি মনে করি এটিই দেশের হয়ে আমার শেষ বিশ্বকাপ হবে। ইনজুরির কারণে দুই বছর আগের ইউরো মিস করাটা খুব কষ্টের ছিল। তাই ম্যানেজার আমাকে যে ভূমিকাতেই চান না কেন, আমি যেতে মরিয়া। আমার এই বয়সেও আমি বিশ্বাস করি, দুই বক্সেই (ডিফেন্স ও অ্যাটাক) আমি বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার।”
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে থ্রি-লায়ন্সরা। এরপর ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশদের বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বে তাঁদের বাকি দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।
আরও পড়ুন:
বিশ্বকাপ দেখতে ৫ কোটি টাকার বাড়ি বিক্রি করছেন ইংল্যান্ডের ‘পাগল’ ভক্ত!

