Bangladesh cricket team captain Najmul Hossain Shanto and Zimbabwe cricket team captain Sikanadar Raza.জুনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করার পর এবার ভিন্ন কন্ডিশনের মিশনে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মাসে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (২২ মে) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের সম্পূর্ণ সূচি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

সফরের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ২৮ জুন, হারারে স্পোর্টস ক্লাবে। তবে এই ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ২০২৫ সালে শেষবার যখন এই দুই দল টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল, তখন জিম্বাবুয়ে একটি স্মরণীয় জয় পেয়েছিল; যদিও পরবর্তীতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করে।

টেস্ট ম্যাচটি শেষ হওয়ার পর একই ভেন্যুতে আগামী ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বুলাওয়েতে টি-টোয়েন্টি

ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল বুলাওয়েতে যাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ম্যাচগুলো যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি এই সফর নিয়ে আনন্দ প্রকাশ করে বলেন, “ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর আমাদের হোম ভেন্যুতে এটিই প্রথম আন্তর্জাতিক সিরিজ। আশা করি সব ফরম্যাট জুড়ে একটি চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে।”

শেষবার ২০২২ সালে বাংলাদেশ যখন জিম্বাবুয়ে সফর করেছিল, তখন স্বাগতিকরা ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুটো সিরিজই জিতে নিয়েছিল।

আরও পড়ুন:
ওয়াসিম আকরামের চোখে বাংলাদেশ এখন বিশ্বসেরাদের সাথে লড়াইয়ে প্রস্তুত

অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতির মঞ্চ

জিম্বাবুয়ের বিপক্ষে লাল বলের ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও বাংলাদেশ দলের মূল লক্ষ্য এখন লাল বলের ক্রিকেটকে ঘিরেই।

২৩ বছর পর আগামী আগস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। বর্তমান দলের কোনো ক্রিকেটারেরই অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলার অভিজ্ঞতা নেই।

ফলে জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টটিকে অস্ট্রেলিয়া সফরের আগের একটি আদর্শ প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছে বিসিবি।

চোট কিংবা ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’–এর কোনো সমস্যা না থাকলে সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়েই জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারের বিশ্বাস, অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য এখন বাংলাদেশের আছে। জিম্বাবুয়ে সফরটি মূলত সেই বড় পরীক্ষার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ।

আরও পড়ুন:
ভাবনায় বিশ্বকাপ, অবশেষে জিম্বাবুয়েতে খেলবে অস্ট্রেলিয়া