South superstar Ram Charan apologises to Bumrah.বুমরাহ ও রামচরণ।

ভারতীয় ক্রিকেট তারকা জশপ্রীত বুমরাহকে ভুল করে ‘ফুটবলার’ বলে তীব্র ট্রোল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের বন্যায় ভেসেছেন দক্ষিণ ভারতীয় মেগাস্টার রামচরণ। এক অনাকাঙ্ক্ষিত মুহূর্তের এই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা। তবে নিজের এই মারাত্মক ভুল বুঝতে পেরে বেশিক্ষণ সময় নেননি আরআরআর (RRR) খ্যাত এই অভিনেতা; দ্রুতই প্রকাশ্যে এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট দিয়ে ক্রিকেটারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

মঞ্চে রামচরণের মারাত্মক ভুল

সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত হয় রামচরণের বহু প্রতীক্ষিত নতুন সিনেমা ‘পেডি’র (Peddi) জমকালো মিউজিক লঞ্চ অনুষ্ঠান।

সেখানে ছবির নায়িকা জাহ্নবী কাপুর, অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমানসহ পুরো টিম উপস্থিত ছিল। অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক রামচরণকে ভারতের কয়েকজন কিংবদন্তি ক্রিকেটারকে এক কথায় বর্ণনা করতে বলেন।

সেখানে শচীন টেন্ডুলকারকে নিয়ে রামচরণ বলেন, ‘তাঁর ক্যারিয়ার যেন এক দীর্ঘ কিংবদন্তি যাত্রা।’

মহেন্দ্র সিং ধোনিকে ‘শান্ত ও কুল’, রোহিত শর্মাকে ‘সবার আপন’ এবং বিরাট কোহলিকে এক শব্দে ‘আগুন’ বলে অভিহিত করেন।

কিন্তু বিপত্তিটা ঘটে যখন বুমরাহর নাম আসে। ক্রিকেটারের নাম শুনেই তালগোল পাকিয়ে ফেলেন এই অভিনেতা।

আত্মবিশ্বাসের সঙ্গে বুমরাহকে ক্রিকেটের বদলে ফুটবলের কিংবদন্তি বানিয়ে দিয়ে বলেন, ‘জশপ্রীত বুমরাহ জি, আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি ফুটবল ভালোবাসি এবং আপনি ফুটবলকে এত দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। লাভ ইউ স্যার!’

অভিনেতার ক্ষমা প্রার্থনা

এই ভিডিও ভাইরাল হতেই ক্রিকেটপ্রেমীদের সমালোচনার মুখে পড়েন তিনি। পরিস্থিতি সামাল দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্ষমা চান।

রামচরণ লেখেন, ‘উফ! আমি সত্যিই মাঝে মাঝে নাম আর জিনিস ভুলে যাই। জশপ্রীত বুমরাহ জির কাছে এই ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। এত উত্তেজনা আর বিশাল ক্রাউডের মধ্যে এটি সম্পূর্ণ অসাবধানতাবশত একটি মানবিক ভুল (Human Error) ছিল। আমি আপনাকে সত্যিই সম্মান করি এবং আপনার খেলার বড় ভক্ত। আপনি যখনই ব্যাটসম্যানদের ব্যাকফুটে ঠেলে দেন, প্রতিবারই ভারতীয় হিসেবে গর্ব হয়।’

চোট ও নতুন সিনেমার খবর

এদিকে, বুমরাহকে নিয়ে যখন নেটদুনিয়া তোলপাড়, তখন আইপিএলের চলতি ২০২৬ মৌসুমে তাঁর ফর্ম নিয়েও কথা বলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি জানান, টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় পাওয়া একটি পুরোনো চোটের প্রভাব এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই পেসার। বিশ্বকাপের পর পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হলেও বুমরাহ তাঁর চেনা ছন্দ কিছুটা হারিয়েছেন, যার প্রমাণ চলতি আইপিএলে ১৩ ম্যাচে তাঁর মাত্র ৪ উইকেট পাওয়ার পরিসংখ্যান।

উল্লেখ্য, বুচি বাবু সানা পরিচালিত ‘পেডি’ সিনেমাটি মূলত একটি গ্রামীণ পটভূমির স্পোর্টস-অ্যাকশন ড্রামা, যা আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গল্পে কুস্তি ও ক্রিকেটসহ বিভিন্ন খেলার মিশেল রয়েছে। ছবিটিতে রামচরণকে একেবারে নতুন ও রাগী লুকে দেখা যাবে, যেখানে তাঁর বিপরীতে আছেন জাহ্নবী কাপুর।

আরও পড়ুন:
বুমরাহকে টেস্টে চান না অশ্বিন, জানালেন কারণ