Bangladesh Olympic football team players practicing at Fortis Club ground.অলিম্পিক দলে জায়গা পাওয়াদের বেশিরভাগই খেলেছেন সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে।

মালদ্বীপ ফুটবলের ৭৫তম বর্ষপূর্তি তথা হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে ‘ডায়মন্ড জুবিলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১ থেকে ১০ জুন মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই বিশেষ টুর্নামেন্টের জন্য আজ ২৩ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ (অলিম্পিক) দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সময়ে বাংলাদেশের মূল জাতীয় ফুটবল দল সান মারিনো সফরে ব্যস্ত থাকায়, মালদ্বীপের এই ঐতিহাসিক মঞ্চে অলিম্পিক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

চার জাতির এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ।

টুর্নামেন্টটি লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল আগামী ১০ জুন মেগা ফাইনালে শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে। লাল-সবুজের প্রতিনিধিদের প্রধান কোচের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা আবাহনীর অভিজ্ঞ ডাগআউট মাস্টার এ কে এম মারুফুল হককে।

তাঁর সহকারী হিসেবে থাকছেন শাহেদুল আলম শাহেদ ও জাহাঙ্গীর আলম এবং গোলকিপিং কোচের ভূমিকায় দেখা যাবে নাজমুল করিম মজুমদারকে।

১ জুনে পাকিস্তান বধের মিশন ও সূচি

আগামী ১ জুন স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এরপর ৪ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে লড়বে মারুফুল হকের শিষ্যরা।

আর ৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

যুব দলের এই স্কোয়াডে ঘরোয়া লিগে খেলা প্রতিভাবান ফুটবলারদের প্রাধান্য দেওয়া হয়েছে, যা তাদের আন্তর্জাতিক মঞ্চে বড় অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে।

২৬ বছর আগের ইতিহাস ও দলবদল নাট্য

মালদ্বীপের মাটিতে এই ধরনের ঐতিহাসিক টুর্নামেন্ট আয়োজনের ইতিহাস অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০০০ সালের মে মাসে মালদ্বীপ ফুটবলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত ‘মালদ্বীপ ফুটবল গোল্ডেন জুবিলি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে’ অংশ নিয়েছিল বাংলাদেশ দল। তৎকালীন ব্রিটিশ কোচ মার্ক হ্যারিসনের অধীনে সেই টুর্নামেন্টে বাংলাদেশ দল ভারত ও মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও শ্রীলঙ্কার কাছে হেরে বসে।

শেষ পর্যন্ত চার দলের গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নিয়েছিল বাংলাদেশ, আর ফাইনালে টাইব্রেকারে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।

মজার বিষয় হলো, এবারের হীরকজয়ন্তীর টুর্নামেন্টেও শুরুতে শ্রীলঙ্কার খেলার কথা ছিল এবং তারা বাফুফেকে তা নিশ্চিতও করেছিল।

তবে শেষ মুহূর্তে লঙ্কানরা নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্টের সূচি ঠিক রাখতে তাদের পরিবর্তে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন।

২৩ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ স্কোয়াড

মেহেদী হাসান শ্রাবণ, ইসহাক আকন্দ, মো. আসিফ, জাহিদ হাসান শান্ত, আব্দুল্লাহ ওমর, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, মজিবর রহমান জনি, এস এম মনজুরুর রহমান, রাব্বি হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুর্শেদ আলী, সৌরভ দেওয়ান, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, প্রণয় ইনোসেন্ট মারান্ডি, মিরাজুল ইসলাম, মইনুল ইসলাম মঈন ও সফিউল হোসেন।

আরও পড়ুন:
মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশ, দলে নেই প্রবাসী ফুটবলার