বাংলাদেশ ফুটবলে এক নতুন ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দলের নতুন প্রধান কোচ থমাস ডুলির অধীনে আগামী ৫ জুন ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের এই মর্যাদার লড়াইকে সামনে রেখে আজ সকালে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ঘোষিত এই স্কোয়াডের সবচেয়ে বড় খবর—দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের তারকা গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
ঘরোয়া লিগের সদ্য সমাপ্ত মরসুমে পোস্টের নিচে দুর্দান্ত অবদান রাখার পুরস্কারই মূলত পেলেন এই অভিজ্ঞ কিপার। সাবেক কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ২০২৪ সালে শৃঙ্খলাভঙ্গ ও ফর্মহীনতার কারণে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। কাবরেরার জমানায় প্রথম পছন্দ হিসেবে খেলানো হয়েছিল মিতুল মারমাকে। তবে জিকো স্কোয়াডে ফিরলেও ইউরোপের মাটির এই ম্যাচে শুরুর একাদশে কার জায়গা হবে, তা এখনই বলা কঠিন।
এদিকে ব্যক্তিগত কারণে সান মারিনোর এই ঐতিহাসিক সফরে থাকছেন না জাতীয় দলের নিয়মিত উইঙ্গার রাকিব হোসেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বোর্ড থেকে ছুটি নিয়েছেন তিনি। তাঁর অনুপস্থিতিতে আক্রমণভাগে ডাক পেয়েছেন তরুণ ফরোয়ার্ড রফিকুল ইসলাম।
নতুন কোচ ডুলির অধীনে দলকে সম্পূর্ণ নতুনভাবে সাজাতে গিয়ে স্কোয়াডে বেশ কিছু বড় রদবদল করা হয়েছে।
আরও পড়ুন:
বাংলাদেশের ফুটবল নিয়ে হঠাৎ লিংকডইনে যা লিখলেন থমাস ডুলি
বাদ পড়লেন একঝাঁক তারকা
জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়া তিন তরুণ ফুটবলার মঞ্জুরুল মানিক, সজীব ওমর এবং মিরাজুল ইসলামকে অলিম্পিক (অনূর্ধ্ব-২৩) দলে পাঠানো হয়েছে। অন্যদিকে কপাল পুড়েছে মোহামেডানের অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া, আবাহনীর ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও পিডব্লিউডি ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীনের। বাফুফের চূড়ান্ত ২৩ জনের স্কোয়াডে জায়গা পাননি তাঁরা।
তবে ইউরোপীয় ফরোয়ার্ডদের রুখে দিতে রক্ষণভাগকে শক্তিশালী করতে গতকালই স্কোয়াডে যোগ দিয়েছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী।
ডাগআউটে থমাস ডুলিকে সহায়তা করতে শক্তিশালী এক কোচিং প্যানেলও ঘোষণা করেছে বাফুফে। সহকারী কোচ হিসেবে থাকছেন ইতালিয়ান মার্কো বোনোফিগ্লিও ও জাতীয় দলের সাবেক তারকা ডিফেন্ডার হাসান আল মামুন।
এছাড়া গোলকিপার কোচের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন এ কে এম নুরুজ্জামান।
সরাসরি যোগ দেবেন হামজারা, র্যাংকিংয়ের হিসাব
বাফুফে সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুরে সান মারিনোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তবে ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম এবং জায়ান আহমেদ ঢাকা থেকে দলের সঙ্গে যাচ্ছেন না।
তাঁরা নিজ নিজ অবস্থান থেকে আগামী ২ জুন সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ নম্বরে। অন্যদিকে ইতালির ভেতরেই গড়ে ওঠা ছোট্ট দেশ সান মারিনো ২১১ নম্বর নিয়ে র্যাংকিংয়ের সবার নিচে অবস্থান করছে।
র্যাংকিংয়ে তলানির দল হলেও ইউরোপের কন্ডিশনে ঘরের মাঠে সান মারিনোর বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের ফুটবল ইতিহাসের জন্য বিরাট এক মর্যাদার পরীক্ষা হতে যাচ্ছে।
২৩ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল
মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, ফাহিমিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম।

