যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে লিওনেল মেসির দল আর্জেন্টিনা মুখোমুখি হবে হন্ডুরাস ও আইসল্যান্ডের।
আসন্ন মেগা ফুটবল বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের জোর প্রস্তুতিই শুরু করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মূল টুর্নামেন্টের বিগ ম্যাচগুলোর আগে নিজেদের শক্তি ও কৌশল ঝালিয়ে নিতেই যুক্তরাষ্ট্রের মাটিতে এই দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
মহোৎসবের মূল মঞ্চে নামার আগে লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য দলগত বোঝাপড়া নিখুঁত করার এটাই শেষ সুযোগ।
প্রথম প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের বিখ্যাত কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
হন্ডুরাস বধের মিশন শেষ করেই আলবিসেলেস্তেরা রওনা হবে আলাবামায়। সেখানে ৯ জুন জর্ডান-হেয়ার স্টেডিয়ামে মেসিদের প্রতিপক্ষ ইউরোপের চেনা দল আইসল্যান্ড।
এই ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ১০ জুন সকাল ৬টায় মাঠে গড়াবে।
স্কালোনির জন্য এই দুই ম্যাচ মূলত দলের বেঞ্চের শক্তি পরীক্ষা এবং ফুটবলারদের ম্যাচ ফিটনেস পরোখ করার চূড়ান্ত মঞ্চ।
এদিকে দীর্ঘ বিশ্বকাপ মিশনজুড়ে ফুটবলারদের ক্লান্তি দূর করা, দ্রুত রিকভারি এবং ট্যাকটিক্যাল প্ল্যানিংয়ের জন্য কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প বা হেডকোয়ার্টার হিসেবে চূড়ান্ত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলোর মধ্যবর্তী দিনগুলোতে অনুশীলনের জন্য মেসি-ডি মারিয়ারা ব্যবহার করবেন অত্যাধুনিক ‘স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার’। এই বেস ক্যাম্পে থেকেই ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অফিশিয়ালি নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করবে স্কালোনি ব্রিগেড।
আরও পড়ুন:
আর্জেন্টিনার ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে যা প্রথমবার ঘটছে

