আসন্ন ফুটবল বিশ্বকাপের উত্তাপ শুরুর আগেই বড় এক চমক দিল আলজেরিয়া। বিশ্বমঞ্চের জন্য ঘোষিত আলজেরিয়ার চূড়ান্ত বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।
২৮ বছর বয়সী এই গোলরক্ষককে অন্তর্ভুক্ত করেই বিশ্বকাপের স্কোয়াড সাজিয়েছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেটকোভিচ।
এবারের বিশ্বকাপে আলজেরিয়া খেলছে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের অন্যতম প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। ফলে মাঠের লড়াইয়ে মেসি-আলভারেজদের আক্রমণ রোখার গুরুদায়িত্ব এবার থাকবে জিদান-পুত্রের কাঁধেই। গ্রুপে আর্জেন্টিনা ও আলজেরিয়া ছাড়া বাকি দুটি দল হলো অস্ট্রিয়া এবং জর্ডান।
লুকা জিদান আলজেরিয়ার হয়ে আফ্রিকা কাপ অব নেশনসে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে খেললেও গত এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলার সময় চোয়াল ও থুতনিতে মারাত্মক চোট পান। তবে সেই চোট কাটিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন তিনি।
যুব পর্যায়ে অনূর্ধ্ব-২০ দল পর্যন্ত ফ্রান্সের প্রতিনিধিত্ব করলেও পরবর্তীতে লুকা আন্তর্জাতিক ফুটবলে নিজের দাদা-দাদীর জন্মভূমি আলজেরিয়াকে বেছে নেন।
তার বাবা জিনেদিন জিদান ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে শিরোপা জিতিয়েছিলেন এবং ২০০৬ সালের ফাইনালেও গোল করার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাবার সেই চেনা বিশ্বমঞ্চে এবার ভিন্ন দেশের জার্সিতে গ্লাভস হাতে লড়বেন ছেলে লুকা।
রিয়াদ মাহরেজের সাথে দলে ফিরলেন বেনতালেব
লুকা জিদানের পাশাপাশি আলজেরিয়ার এই বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞতার বড় ভরসা হয়ে থাকছেন সাবেক ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটি ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। ৩৫ বছর বয়সী এই তারকা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-আহলিতে খেলছেন। এর পাশাপাশি আলজেরিয়া দলে বড় সুসংবাদ হয়ে এসেছে অভিজ্ঞ মিডফিল্ডার নাবিল বেনতালেবের প্রত্যাবর্তন। প্রায় সাত মাস জাতীয় দলের বাইরে থাকার পর ৩১ বছর বয়সী এই লিল মিডফিল্ডারকে দলে ফিরিয়েছেন কোচ পেটকোভিচ।
২০১৪ সালে ব্রাজিলের মাটিতে আলজেরিয়ার খেলা সর্বশেষ বিশ্বকাপেও স্কোয়াডে ছিলেন বেনতালেব।
বেনতালেবের ফেরা নিয়ে কোচ পেটকোভিচ বলেন, “আমরা বেনতালেবকে খুব ভালো করেই চিনি। দলের শক্তিমত্তা বাড়াতে একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে তার সব ধরনের গুণ রয়েছে। গত কয়েক মাসে সে ঘরোয়া ফুটবলে দুর্দান্ত ফর্মে রয়েছে।” এছাড়া চোটের কারণে বছরের শুরুতে মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনস মিস করা হুসেম আউয়ার এবং আমিনে গুইরিও সুস্থ হয়ে আলজেরিয়ার বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন।
আলজেরিয়ার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ওসামা বেনবোট (ইউএসএম আলজার), মেলভিন মাসতিল (স্তাদ নিওনাইস), লুকা জিদান (গ্রানাদা)।
রক্ষণভাগ: আশরাফ আবাদা (ইউএসএম আলজার), রায়ান আইত-নুরি (ম্যানচেস্টার সিটি), জিনেদিন বেলাইদ (জেএস কাবিলিয়ে), রফিক বেলঘালি (ভেরোনা), রামি বেনসেবাইনি (বোরুশিয়া ডর্টমুন্ড), সামির চেরগুই (প্যারিস এফসি), জাওয়েন হাদজাম (ইয়াং বয়েজ বার্ন), আইসা মান্দি (লিল), মোহাম্মদ আমিনে তুগাই (এস্পেরান্স)।
মিডফিল্ড: হুসেম আউয়ার (আল-ইত্তিহাদ), নাবিল বেনতালেব (লিল), হিশাম বুদাউই (নিস), ফারেস শাইবি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), ইব্রাহিম মাজা (বায়ার লেভারকুসেন), ইয়াসিন তিত্রাউই (শার্লেরোই), রামিস জেরুকি (টুয়েন্টে)।
আক্রমণভাগ: মোহাম্মদ আমিনে আমৌরা (ভলফসবুর্গ), নাদির বেনবুয়ালি (গিওরি ইটিও), আদিল বুলবিনা (আল-দুহাইল), ফারেস ঘেদজেমিস (ফ্রোসিনোন), আমিনে গুইরি (মার্সেই), রিয়াদ মাহরেজ (আল-আহলি), আনিস হাজ মুসা (ফেইনুর্ড)।

