Four Inidian origin footballer to play in the FIFA World Cup 2026.বাঁ থেকে- তাহসিন জামশিদ, নিশান ভেলুপিল্লাই, সামুয়েল মুতুসামি ও সারপ্রীত সিং। ছবি: সংগৃহিত

ফুটবল মানচিত্রে ভারত এখনও এক পরাশক্তি হওয়ার লড়াইয়ে মগ্ন। আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ইতিহাসের বৃহত্তম ৪৮ দলের বিশ্বকাপে এশিয়ার আটটি দেশ জায়গা পেলেও, মূল পর্বে পৌঁছানো সম্ভব হয়নি ‘ব্লু টাইগার্স’দের। তবে মাঠের লড়াইয়ে ভারতের জাতীয় দল না থাকলেও, দেশটির কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য এবারের বিশ্বকাপ এক অনন্য রোমাঞ্চ নিয়ে আসছে। বিশ্বমঞ্চের সবুজ গালিচায় সরাসরি কোনো ভারতীয় দল না নামলেও, ৪টি ভিন্ন মহাদেশ ও দেশের জার্সি গায়ে মাঠ মাতাবেন ৪ জন খাঁটি ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার।

ওশেনিয়া থেকে আফ্রিকা—বিশ্বকাপের দলগুলোতে ভারতীয় বংশোদ্ভূতদের খেলা নিয়ে এই প্রতিবেদন।

ওশেনিয়ার মাঝমাঠে জলন্ধরের রক্ত: সারপ্রীত সিং

নিউজিল্যান্ডের হয়ে এবারের বিশ্বকাপে মাঝমাঠের প্রধান সেনাপতি হিসেবে দেখা যাবে ২৭ বছর বয়সী মিডফিল্ডার সারপ্রীত সিংকে। ওয়েলিংটনে জন্ম নেওয়া এই ফুটবলারের ধমনিতে বইছে পাঞ্জাবের রক্ত; তাঁর বাবা-মা দুজনেই জলন্ধরের স্থায়ী বাসিন্দা। জার্মানির বিশ্বখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখের যুব একাডেমি থেকে উঠে আসা সারপ্রীতের ইউরোপীয় ফুটবলে খেলার দারুণ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে সার্বিয়ান ক্লাব টিএসসির এই ফুটবলার ধারে খেলছেন ওয়েলিংটন ফিনিক্সে। কিউইদের হয়ে ২৪ ম্যাচ খেলা এই তারকা ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে এখন বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছেন।

মরুভূমির বুকে কেরালার বিস্ময়: তাহসিন জামশিদ

এশিয়ার পরাশক্তি কাতারের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়ে ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার তাহসিন মোহাম্মদ জামশিদ। ২০০৬ সালে কাতারের মাটিতে জন্ম হলেও তাহসিনের পারিবারিক শিকড় সম্পূর্ণ ভারতীয়, তাঁর বাবা-মা দুজনেই কেরালার কাসারগোডের বাসিন্দা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে ‘কাতার স্টার্স লিগ’-এ আল-দুহাইলের হয়ে খেলার রেকর্ড গড়া এই তরুণের গতি ও ড্রিবলিং বিশ্বমঞ্চে কাতারের আক্রমণভাগের বড় অস্ত্র হতে পারে।

অস্ট্রেলিয়ার ডেরায় তামিল-অ্যাংলো গর্জন: নিশান ভেলুপিল্লাই

অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ‘সকারুজ’দের আক্রমণভাগে এবার নজর কাড়বেন মেলবোর্ন ভিক্টরির ২৫ বছর বয়সী উইঙ্গার নিশান ভেলুপিল্লাই। মেলবোর্নে বেড়ে ওঠা নিশানের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বেশ বৈচিত্র্যময়। তাঁর বাবা তামিল বংশোদ্ভূত মালয়েশিয়ান এবং মা একজন অ্যাংলো-ইন্ডিয়ান। ঘরোয়া ফুটবলে ১২৮টি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন নিশান আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন চীনের বিপক্ষে। অস্ট্রেলিয়ার জার্সিতে খেলা এই ফরোয়ার্ডের গতিশীল ফুটবল নজর কাড়বে ফুটবল বিশ্বের।

আফ্রিকার ডেরায় ফরাসি ছোঁয়া: সামুয়েল মুতুসামি

এবারের বিশ্বকাপে অন্যতম কঠিন গ্রুপে পড়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) মাঝমাঠ আগলানোর মূল দায়িত্ব থাকছে ২৯ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার সামুয়েল মুতুসামির কাঁধে। প্যারিসে জন্ম নেওয়া মুতুসামির বাবা ইন্দো-গুয়াদেলুপিয়ান বংশোদ্ভূত তামিল এবং মা কঙ্গোর নাগরিক। মায়ের দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল বেছে নেওয়া মুতুসামি ইতিমধ্যেই ৫৭টি ম্যাচ খেলেছেন। ফরাসি ক্লাব নান্তেসের হয়ে মাঠ কাঁপানো এই অভিজ্ঞ ফুটবলার বর্তমানে খেলছেন গ্রিসের ক্লাব আত্রোমিতোসের হয়ে। পর্তুগাল ও কলম্বিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কঙ্গোর রক্ষণের প্রধান ঢাল হবেন এই ভারতীয় বংশোদ্ভূত তারকা।

আরও পড়ুন:
২০২২ বিশ্বকাপের পর মেসি-নেইমারসহ ফুটবলে আলোচিত যত ঘটনা