ফ্লাইট মিস করেন। এরপর আরেক ফ্লাইটে ওঠতে গিয়ে দুপুরের বদলে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন হামজা চৌধুরী। বাংলাদেশ দলের এই প্রাণভ্রোমরা পরে সরাসরি ওঠে যান টিম হোটেলে।

এরপর এক ভিডিও বার্তায় জানিয়েছেন আশার কথা, বলেছেন-‘ইনশাআল্লাহ, ভারতের সঙ্গে জিতমু!’

বাংলাদেশ আগামী বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে হোম ম্যাচ আছে জামাল ভূঁইয়াদের।

এ দুই ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন হামজা। আজ সোমবার বেলা ১২টার দিকে তার পৌঁছানোর কথা ছিল। তবে ফ্লাইট মিস করায় দেরিতে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাফুফে কর্তারা।

বিমানবন্দর থেকে এই ডিফেন্সিভ মিডফিল্ডার হোটেল ইন্টারকন্টিনেন্টালে যোগ দেন দলের ক্যাম্পে।

সেখান থেকে দেওয়া ভিডিও বার্তায় হামজা বলেন, ‘দারুণ অভ্যর্থনা পেলাম। আবারও ঢাকায় ফিরে আসতে পেরে খুশি লাগছে। ভারতের সাথে ম্যাচ হবে, এর আগে নেপালের সাথে একটা ওয়ার্ম-আপ (প্রীতি ম্যাচ) ম্যাচ হবে, সবাইকে ইতিবাচক থাকতে হবে। সবশেষ ম্যাচে আমরা জিততে পারিনি, কিন্তু উন্নতি দেখিয়েছি। ইনশাল্লাহ ভারতের সঙ্গে আমরা জিতমু (জিতব)। দেশের জন্য এটা বড় ম্যাচ। আমরা সবাই রোমাঞ্চিত।’

এশিয়ান কাপ বাছাইয়ে চার ম্যাচে দুটি ড্র আর দুটি হার বাংলাদেশের। ‘সি’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারিক কাজীরা। সমান পয়েন্ট নিয়ে তলানিতে আছে ভারত।

এ দুই দলেরই বাছাইপর্ব পেরোনোর স্বপ্ন শেষ। এখন কেবল নিয়মরক্ষার লড়াই।

তবে প্রতিপক্ষ ভারত বলে বাংলাদেশের রোমাঞ্চটা বেশি। বাছাইয়ে গেল মার্চে শিলংয়ে গিয়ে ভারতের বিপক্ষে খেলে বাংলাদেশ। সে ম্যাচে ড্র হয়, অভিষিক্ত হন হামজা, খেলেনও দারুণ।