বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, সঙ্গীতশিল্পী আসিফ আকবর বলেছেন, ‘ফুটবল নিয়ে ইচ্ছা করেই স্লেজিং করেছিলাম। ভেবেছিলাম এটা নিয়ে ফুটবলারদের মধ্যে কঠোর প্রতিবাদ হবে; কিন্তু উলটোটা ঘটেছে। অফিসিয়ালি প্রতিবাদ হয়েছে। আমিও এ বিষয়ে ক্ষমা চেয়েছি। ক্রিকেটার হিসেবে ফুটবল নিয়ে স্লেজিং করেছিলাম মাত্র। অন্য কোনো উদ্দেশ্য থেকে নয়।’
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ আকবর বলেন, বিসিবির সভাপতির লক্ষ্য হলো ক্রিকেট শুধু ঢাকায় নয়, সারা দেশে ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে স্টেডিয়াম পরিদর্শন ও ক্রিকেটের কী অবস্থা সেই বিষয়গুলোর খোঁজখবর নিচ্ছি। আগামী দিনে যাতে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং খেলায় মনোনিবেশ করতে পারে এজন্য বয়সভিত্তিক খেলা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এ নিয়ে একাডেমিতে চিন্তা করা হচ্ছে।
বিসিবির এই পরিচালক আরও বলেন, বোলিং মেশিন, নারীদের ড্রেসিংরুম, অনুশীলন মাঠসহ রংপুরের সমস্যার কথা শুনলাম। অবশ্যই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার আর ৪ মাস ক্ষমতায় আছে। তাই বেশি বাজেটের কাজ করা সম্ভব হবে না সরকারের পক্ষ থেকে। যেগুলো সমাধান করা যায়, সেগুলো ঢাকায় গিয়েই সমাধান করার উদ্যোগ নেওয়া হবে। তবে সর্বোপরি নির্বাচিত সরকার এলে অনেক কিছুই করা সম্ভব হবে।
আসিফ আকবর বলেন, হাংকিপাংকি নয়। আমি কোনো পলিটিশিয়ানের মতো কথা বলতে চাই না। আমি যা বলি তাই করার চেষ্টা করি। তাছাড়া ফাইল জটিলতা ও আমলা জটিলতা বুঝি না। আমি ফাইলের কাজ নিজেই করতে পছন্দ করি। প্রতিটি অঞ্চলের জন্য বরাদ্দের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে খেলাধুলার জন্য একটি ইয়ার ক্যালেন্ডার করার পরিকল্পনা চলছে। তাহলে কোন খেলায় কত বাজেট এবং কখন হবে, সেগুলো ওপেন থাকবে।

