সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত জেলা ক্রিকেট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামস্থ ক্রিকেট প্যাভিলিয়ন ভবনের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সহ-সভাপতি সাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন কমিটির সম্পাদক আলী ওয়াসিক উজ্জজামান চৌধুরী অনি।

সভায় সিলেটের ক্রিকেটাঙ্গনকে সক্রিয় করার বিষয়ে আলোচনা করা হয়। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২০২৫-২০২৬ মৌসুমের ১ম বিভাগ ক্রিকেট লিগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত হয়।

তৃণমূল পর্যায় হতে প্রতিভাবান খেলোয়াড় তৈরীর প্রত্যয়ে সিলেট জেলার মাধ্যমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে সভায়।

সভার সিদ্ধান্ত অনুসারে, আগামী ৭ ডিসেম্বর থেকে ১ম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে। লিগের ভেন্যু থাকছে জেলা স্টেডিয়াম। দ্বিতীয় বিভাগ লিগ শুরুর সম্ভাব্য তারিখ ২৫ ডিসেম্বর। এমসি কলেজ মাঠ থাকবে ভেন্যু হিসেবে।

১ম বিভাগ ক্রিকেট লিগ কমিটি, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ কমিটি এবং স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটি পৃথক সভা আহ্বান করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব ও জেলা ক্রিকেট কমিটির সদস্য মো. নূর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও জেলা ক্রিকেট কমিটির সদস্য খন্দকার রাজিন সালেহ আলম ও সৈয়দ ফজলে এলাহী অভি, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ওয়াহিদ উমায়ের, কমিটির সহকারী সম্পাদক গউছ মঈন উদ্দীন হায়দার, ১ম বিভাগ ক্রিকেট লিগ কমিটির সম্পাদক ও জেলা ক্রিকেট কমিটির সদস্য কবির আহমদ, সর্বশেষ ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২০২৪ এর চ্যাম্পিয়ন ক্লাব বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের প্রতিনিধি ও জেলা ক্রিকেট কমিটির সদস্য আশরাফ হোসাইন আরমান, রানার্স-আপ ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ও জেলা ক্রিকেট কমিটির সদস্য একরাম আহমেদ প্রমুখ।