শুরুতে ছন্দহীনতা। এরপর ঘুরে দাঁড়ানো। তাতেই দারুণ জয়ে রাঙালো চেলসি। হারালো বার্নলিকে। এই জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায় তারা। পরে ব্যবধান দ্বিগুণ করেন এন্সো ফের্নান্দেজ।
লিগে টানা তৃতীয় জয় পেল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২৩। আর্সেনাল এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।
আজকের ম্যাচে শুরুতে কিছুটা এলোমেলো ফুটবল খেলে চেলসি। তারা ধুঁকলিও ছন্দ পেতে। পরে কিন্তু ঠিকই আধিপত্য দেখিয়েছে।
পুরো ম্যাচে ৫৯ শতাংশ সময় বল দখলে রাখে চেলসি। গোলমুখে তাদের শট ছিল ১৫টি, লক্ষ্যে ছিল ৪টি।
বার্নলির ৮ শটের মধ্যে কেবল দুটি ছিল লক্ষ্যে।
ম্যাচের ৩৭তম মিনিটে ক্রস থেকে উড়ে আসা বলে দারুণ হেডে চেলসিকে উল্লাসে মাতান পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো।
দ্বিতীয়ার্ধে, ৮৮তম মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ফের্নান্দেজ ব্যবধান বাড়িয়ে দেন।
লিগে চেলসির পরের ম্যাচ ৩০ নভেম্বর, প্রতিপক্ষ শীর্ষে থাকা আর্সেনাল। তবে এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে চেলসির, আগামী মঙ্গলবার বার্সেলোনার মুখোমুখি হবে তারা।

