ঢাকার ফুটবল ক্লাব মোহামেডানের উল্লাস

আগের সেই রমরমা অবস্থা নেই। তবে এখনও আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি আগ্রহ, বাড়তি রোমাঞ্চ। সেই রোমাঞ্চ ছুঁয়ে গেল আজও।

বাংলাদেশ ফুটবল লিগে আজ মৌসুমের প্রথম দ্বৈরথে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি দল দুটি। ম্যাচে তিন গোল খেয়েও আশা ছাড়েনি আবাহনী। দুই গোল শোধ করে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে হারাতে পারেনি।

লিগে চলতি মৌসুমে এই প্রথম জয় পেল সাদা-কালো শিবির। আগের দুই ম্যাচের একটিতে তারা হেরেছিল, অপরটি করেছিল ড্র।

অন্যদিকে আবাহনী তিন ম্যাচের মধ্যে দুটিতেই হারলো এ নিয়ে। অপর ম্যাচটি ড্র করে তারা।

আজ ‎কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে মোহামেডান এগিয়ে যায় রহিম উদ্দিনের গোলে। নিজেদের অর্ধ থেকে লম্বা পাস সামনে বাড়ান মোজাফফর মোজাফফরভ। তার পাস ধরে রক্ষণ ভাঙার চেষ্টা চালিয়ে বল হারান স্যামুয়েল বোয়াটেং। কিন্তু হুট করে তার পেছন থেকে বল দখল করে বল পোস্টে পাঠাতে ভুল করেননি রহিম উদ্দিন।

এরপর কর্ণার থেকে উড়ে আসা বল জালিয়ে পাঠিয়ে ইমানুয়েল কেকে ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে, ৫৮ মিনিটে ফের এগিয়ে যায় মোহামেডান। জাহিদ হাসানের ক্রস থেকে দারুণ এক হেড করে জাল কাঁপান বোয়াটেং।

তিন গোল খেয়ে ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায় আবাহনী। ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন পাপন সিং।

৭৮ মিনিটে মোহামেডানের রক্ষণে বাধাপ্রাপ্ত বল পেয়ে ব্যবধান কমিয়ে আনেন শেখ মোরসালিন।

পরে আর চেষ্টা চালিয়েও গোল আদায় করতে পারেনি কোনো দল।

এদিকে, আজ অপর ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।

এছাড়া ফর্টিস এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে পুলিশ এফসি। আর ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-০ গোলে হেরেছে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব।