দেশের ঘরোয়া ক্রিকেটের জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম হবে আগামী ৩০ নভেম্বর। এজন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আছেন ১৫৮ জন।
এসব ক্রিকেটারদের নিলামের জন্য এ, বি, সি… এভাবে ছয়টি ক্যাটাগরিতে রাখা হয়েছে।
‘এ’ ক্যাটাগরিতে আছেন নাঈম শেখ ও লিটন দাসসহ তিন ক্রিকেটার। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা।
‘বি’ ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয় এবং ইয়াসির রাব্বিসহ ১৫ ক্রিকেটার। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা।
আকবর আলী, নাহিদ রানা, জাকির হাসান, মাহফিজুল ইসলাম রবিন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও রিপন মন্ডলসহ ১৮ ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে। তাদের ভিত্তিমূল্য ২২ লাখ টাকা।
‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যঞ্জয় চৌধুরী, নাসির হোসেন, অমিত হাসান, হাসান মুরাদ, আবু হাসেম, তোফায়েল আহমেদ এবং আলাউদ্দিন বাবুসহ ১৯ ক্রিকেটার। এখানে ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা।
১৪ লাখ টাকার ভিত্তিমূল্য নিয়ে ‘ই’ ক্যাটাগরিতে আছেন সোহাগ গাজী, মাহফুজুর রহমান রাব্বি, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, আশিকুর রহমান শিবলি, শেখ পারভেজ জীবন, মেহেরব অহিনসহ ৩৭ ক্রিকেটার।
এছাড়া ‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন ৬৬ ক্রিকেটার, যেখানে ভিত্তিমূল্য ১১ লাখ টাকা।
ভিত্তিমূল্য হচ্ছে সর্বনিম্ন মূল্য। নিলামে একাধিক দল একই ক্রিকেটারকে নিতে চাইলে তখন প্রতিযোগিতায় মূল্য বেড়ে যায়। যেমন ‘এ’ ক্যাটাগরির কোনো ক্রিকেটারকে নিতে হলে প্রতি ডাকে ৫ লাখ টাকা করে মূল্য বাড়বে। এছাড়া ‘বি’ ৩ লাখ টাকা, ‘সি’ ১ লাখ টাকা, ‘ডি’ ৫০ হাজার টাকা, ‘ই’ ৩০ হাজার টাকা এবং এফ ক্যাটাগরিতে বাড়বে ২০ হাজার টাকা করে।
ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে ‘এ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটারকে দলে টানতে হবে। ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত তিনজন করে ক্রিকেটার নিতে হবে। এরপর ‘ই’ ক্যাটাগরি থেকে অন্তত ২ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছেমতো ক্রিকেটার নিতে পারবে দলগুলো।
ফ্র্যাঞ্চাইজিগুলো স্থানীয় ক্রিকেটার কিনতে সাড়ে ৪ কোটি টাকা খরচ করতে পারবে। তবে সরাসরি চুক্তিতে দুজন দেশি ক্রিকেটারকে দলে নিতে এই বাজেটের বাইরে খরচ করতে পারবে তারা।
এদিকে, বিদেশি ক্রিকেটারদের জন্য ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ডলার। এছাড়া ‘বি’ ক্যাটাগরি ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার।

