Australia vs Zimbabwe

জিম্বাবুয়ের মতো দুর্বল শক্তির দেশের বিপক্ষে ম্যাচ খেলতে বড্ড অনীহা অস্ট্রেলিয়ার। টেস্টে প্রায় দুই যুগ ধরে এ দুই দেশের ম্যাচ হচ্ছে না। কারণ, অজিরা খেলতে চায় না। ওয়ানডে-টি২০ ম্যাচেও হঠাৎ কখনো দেখা যায় তাদেরকে মুখোমুখি হতে।

অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে সফর করেনি ৮ বছর হয়ে গেল। অবশেষে তারা দেশটিতে সফরে যেতে রাজি হয়েছে। এর পেছনে অবশ্য তাদের নিজেদের স্বার্থই কাজ করছে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রাজি হয়েছে অজিরা। আগামী বছর তারা সেখানে যাবে।

দক্ষিণ আফ্রিকায় আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে টেস্ট ও ওয়ানডে সিরিজ আছে অস্ট্রেলিয়ার। ওেই সিরিজ খেলতে যাওয়ার আগে জিম্বাবুয়েতে যাবেন প্যাট কামিন্সরা।

এই সফরে একটি টেস্ট ম্যাচ যুক্ত করতে চেয়েছিল জিম্বাবুয়ে। তবে তাতে সাড়া দেয়নি অজিরা।

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া কেবল তিনটি টেস্টে মুখোমুখি হয়েছে। শেষ দুটি ম্যাচ হয়েছিল সেই ২০০৩ সালের অক্টোবরে।

জিম্বাবুয়েতে ২০১৮ সালে সফরে গিয়েছিল অজিরা। সেবার পাকিস্তানসহ একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা। আর জিম্বাবুয়েতে গিয়ে শেষবার ওয়ানডে খেলেছিল ২০১৪ সালে।