ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস

গ্যাব্রিয়েল জেসুস আগামী জানুয়ারিতে দলবদল করতে যাচ্ছেন। আর্সেনাল ছেড়ে তিনি চলে যেতে পারেন নতুন ঠিকানায়। এমন গুঞ্জন ঘুরপাক খাচ্ছে কিছুদিন ধরে।

গুঞ্জনের সত্যতা আসলে কতোটা? প্রিমিয়ার লিগের ক্লাবটি কি সত্যিই ছেড়ে দেবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে?

না! আর্সেনাল কোচ সরাসরি জানিয়ে দিয়েছেন, জেসুসকে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল জেসুস চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন। হাঁটুতে চোট পেয়ে জানুয়ারিতে মাঠের বাইরে চলে যান তিনি।

এরপর গেল বুধবার ক্লাব ব্রুজের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে তিনি খেলায় ফিরেন। ৬২ মিনিটে বদলি হিসেবে নামেন মাঠে।

জেসুসের সামনে এখন দলের মূল একাদশে জায়গা করে নেওয়ার লড়াই। সঙ্গে আছে আরেক চাপ, ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া। এজন্য এখন নিয়মিত মাঠে নামার কোনো বিকল্প নেই জেসুসের।

এ প্রেক্ষাপটেই আলোচনা সামনে আসে যে, জেসুস যদি আর্সেনালের একাদশে জায়গা না পান, তাহলে তিনি জানুয়ারিতে দলবদল করতে পারেন।

তবে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলছেন ভিন্ন কথা, “না, আমি এমন কিছু বিবেচনা করছি না, বিশেষ করে এখন আমাদের যা পরিস্থিতি। আমি মনে করি, দলকে এখনও গাবির (জেসুস) অনেক কিছু দেওয়ার আছে এবং সেটা সে প্রথম মিনিট থেকেই প্রমাণ করেছে। বর্তমান পরিস্থিতিতে আসতে সে কঠোর পরিশ্রম করেছে এবং আমাদের সঙ্গে থাকাই তার লক্ষ্য।”

“এটা নিশ্চিত যে, তার মানের একজন খেলোয়াড়, যে আমাদের এতো কিছু দিয়েছে এবং যে প্রাণশক্তি নিয়ে খেলে, যেটা সে ওই দিনও করেছে, সে নিশ্চিতভাবেই শুরুর একাদশে খেলার জন‍্য মরিয়া হবে এবং সেটাকে লক্ষ‍্য হিসেবে নেবে।”

আর্সেনাল আজ প্রিমিয়ার লিগে উলভারহ‍্যাম্পটনের বিপক্ষে খেলবে। লিগে ১৫ ম‍্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে আছে।