মোহামেডান ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচের একটি দৃশ্য।ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে বসুন্ধরা কিংস ও মোহামেডান দ্বন্দ্বের মধ্যে।

ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই পরাশক্তি বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠের বাইরের চরম ভেন্যু যুদ্ধ ও ম্যাচ বর্জনের নাটকীয়তার মাঝে অবশেষে হস্তক্ষেপ করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে নিজেদের চূড়ান্ত ও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে দেশের ফুটবলের এই অভিভাবক সংস্থা। মোহামেডানের ভেন্যু পরিবর্তনের অনড় দাবি কিংবা চিরপ্রতিদ্বন্দ্বীদের চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি দিয়ে দেওয়ার ব্যাপারে কিংসের নাটকীয় চিঠি—কোনোটিই আমলে নেয়নি ফেডারেশন।

আজ নির্ধারিত সময়ে খেলা মাঠে না গড়ালেও, ম্যাচটি বাতিল করা হয়নি। বাফুফে তাদের পূর্বনির্ধারিত ভেন্যুতেই অটল থেকে মাত্র ২৪ ঘণ্টা পর অর্থাৎ আগামীকাল বুধবার (২০ মে) ফাইনাল আয়োজনের নতুন সূচি ঘোষণা করেছে।

স্থগিত ফাইনাল আগামীকাল, অনড় বাফুফে

বাফুফের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ ১৯ মে ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টায় কিংস ও মোহামেডানের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনাকাঙ্ক্ষিত ও অনিবার্য পরিস্থিতির কারণে আজ ম্যাচটি মাঠে গড়ায়নি।

তবে বাফুফে সাফ জানিয়ে দিয়েছে, স্থগিত হয়ে যাওয়া এই মেগা ফাইনালটি আগামীকাল বুধবার বিকেল ৫টা৩০ মিনিটে বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ভেন্যু নিয়ে বাফুফে স্পষ্ট বার্তা দিল যে, তারা মোহামেডানের দাবির মুখে মাঠ পরিবর্তন করছে না।

আরও পড়ুন:
বাফুফেকে কিংসের চিঠি, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার দাবি

কিংসের বয়কট ও মোহামেডানের আপত্তি

এর আগে, বসুন্ধরার হোম ভেন্যুতে খেলতে সাদা-কালো শিবিরের আপত্তির জেরে ফেডারেশন কাপের ফাইনাল এক নজিরবিহীন সংকটে পড়েছিল।

যার পরিপ্রেক্ষিতে আজ বাফুফের সাধারণ সম্পাদক বরাবর এক চিঠি পাঠিয়ে খেলা বয়কটের ঘোষণা দেয় বসুন্ধরা কিংস। ক্লাবটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত সেই চিঠিতে ম্যাচ আয়োজন নিয়ে বাফুফের অদূরদর্শিতার কড়া সমালোচনা করা হয়। ট্রফির চেয়ে নিজেদের আত্মসম্মানকে বড় উল্লেখ করে কিংস দাবি তুলেছিল, ফাইনাল বাতিল করে মোহামেডানকে সরাসরি চ্যাম্পিয়ন ঘোষণা করে মেডেল ও ট্রফি দিয়ে দেওয়া হোক।

কিংসের যুক্তি ছিল, তারা ফুটবলের স্বার্থে চলতি মৌসুমে মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নানা অব্যবস্থাপনা সত্ত্বেও একাধিক ম্যাচ খেলেছে। অথচ কিংস অ্যারেনায় খেলতে মোহামেডানের অনীহা এবং তা সমাধানে বাফুফের ব্যর্থতা পুরো দেশের ফুটবল কাঠামোকে প্রশ্নবিদ্ধ করেছে।

গত ১২ মে বাফুফেকে প্রথম চিঠি দিয়ে কিংসের মাঠে খেলতে আপত্তি জানিয়েছিল মোহামেডান এবং গতকালের বৈঠকেও তারা সেই সিদ্ধান্তে অনড় ছিল।

এখন বল দুই ক্লাবের কোর্টে

মাঠের বাইরের দীর্ঘ চিঠি চালাচালি ও স্নায়ুযুদ্ধের পর বাফুফে কিংস অ্যারেনাতেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকায় পরিস্থিতি এখন আরও জটিল রূপ নিলো।

ভেন্যু জটিলতায় খেলতে অস্বীকৃতি জানানো মোহামেডান এবং ট্রফি ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া বসুন্ধরা কিংস শেষ পর্যন্ত আগামীকাল ফুটবলারদের মাঠে নামায় কি না, নাকি দেশের ঘরোয়া ফুটবল আরও বড় কোনো অচলাবস্থার দিকে ধাবিত হয়—তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল বিকেল পর্যন্ত।

আরও পড়ুন:
ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান, ম্যাচ শেষে তুমুল উত্তেজনা