মিরপুরে পিচ কিউরেটর টনি হেমিংয়ের সাথে কোচ ফিল সিমন্স ও নির্বাচকদের আলোচনা।পিচ কিউরেটর টনি হেমিংয়ের সাথে কোচ, নির্বাচকের আলোচনা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মাঠের লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। তবে এবার কেবল জয় নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে উইকেটের ধরনে বড় পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। কিউইদের বিপক্ষে সিরিজে তথাকথিত ‘মন্থর’ উইকেট নয়, বরং আন্তর্জাতিক মানের স্পোর্টিং উইকেট চায় টাইগার টিম ম্যানেজমেন্ট।

কিউরেটরের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক

আগামী ১৭ এপ্রিল মিরপুরে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে পিচ কিউরেটর টনি হেমিংয়ের সঙ্গে বিশেষ আলোচনায় বসেছিল টিম ম্যানেজমেন্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান কোচ ফিল সিমন্স, প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফীস।

জানা গেছে, কিউরেটরের কাছে এমন উইকেট চাওয়া হয়েছে যেখানে ব্যাটার এবং বোলার—উভয়ই সমান সুবিধা পাবেন। অর্থাৎ, মিরপুরের চিরাচরিত নিচু বাউন্স আর মন্থর গতির উইকেটের বদলে দেখা যেতে পারে রানপ্রসবা ও গতিময় পিচ।

লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

স্পোর্টিং উইকেটে খেলার এই মানসিকতার পেছনে কাজ করছে ICC Cricket World Cup 2027। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার কন্ডিশনে ভালো করতে হলে এখন থেকেই স্পোর্টিং উইকেটে মানিয়ে নেওয়া জরুরি বলে মনে করছেন কোচ ও নির্বাচকরা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, নেই চমক

গত মাসে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের সময়ও তিন ম্যাচে স্পোর্টিং উইকেট ছিল, যার সুফল হাতেনাতে পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সেই ধারাবাহিকতা নিউজিল্যান্ড সিরিজেও বজায় রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।

সিরিজের সময়সূচী ও নতুন পরিকল্পনা

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে (১৭ ও ২০ এপ্রিল)। এরপর দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে ২৩ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে এবং ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে ২ মে আবারও ঢাকায় ফিরবে দুই দল। উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবার ওয়ানডে ম্যাচগুলো দুপুর বা বিকেলের পরিবর্তে সকাল ১১টায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আরও পড়ুন: ইনজুরিতে ছিটকে গেলেন ক্লার্ক, বাংলাদেশের বিমানে লিস্টার

সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ড বরাবরই কঠিন প্রতিপক্ষ। তবে স্পোর্টিং উইকেটে খেললে মিরাজ-শান্তদের যেমন ব্যাটিং গভীরতা বাড়বে, তেমনি বোলারদেরও কঠিন পরীক্ষায় নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।