রাজস্থানের বিপক্ষে উইকেটের পর আগ্রাসী ভঙ্গিতে উল্লাস করছেন সাকিব হুসেইন।সুযোগ পেয়েই দেখিয়ে দিলেন সাকিব হুসেইন। ছবি: আইপিএল

২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে পুরো মৌসুম মুখ থুবড়ে পড়ে থাকতে হয়েছিল তাকে। একজন উদীয়মান পেসার হিসেবে যে সুযোগ পাওয়ার কথা ছিল, কেকেআর শিবিরে তা মেলেনি। অথচ সেই সাকিব হুসেইন দুই বছর পর সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে অভিষেক হতেই IPL দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন। যাকে এক সময় ডাগআউটে বসিয়ে রেখে কোনো ম্যাচ না খেলিয়েই ছেড়ে দিয়েছিল কলকাতা, সেই সাকিবই এখন হায়দরাবাদের নতুন বোলিং সেনসেশন।

কলকাতার ডাগআউটে আক্ষেপের দিনগুলো

২০২২-২৩ মৌসুমে মুশতাক আলী ট্রফিতে গুজরাটের বিপক্ষে ৪ উইকেট নিয়ে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন সাকিব হুসেইন। সেই পারফরম্যান্স দেখে ২০২৪ আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায়। কিন্তু টুর্নামেন্ট জুড়ে সাকিবের কাজ ছিল শুধুই ডাগআউটে বসে থাকা আর দলের জয় উদযাপন করা।

প্রতিভাবান এই পেসারকে একবারও পরখ করে দেখেনি কেকেআর ম্যানেজমেন্ট। পরের মৌসুমে সুযোগ না দিয়েই তাকে দল থেকে বাদ দেওয়া হয়। কলকাতার এই অবহেলা সাকিবের ক্যারিয়ারে সাময়িক অনিশ্চয়তা তৈরি করলেও তিনি হাল ছাড়েননি।

হায়দরাবাদে রাজকীয় অভিষেক

২০২৬ আইপিএল নিলামে মাত্র ৩০ লাখ রুপিতে হায়দরাবাদ দলে নেয় সাকিবকে। রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ম্যাচে ট্রাভিস হেডের ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে যখন তিনি মাঠে নামলেন, তখন দল রক্ষণের আশায়।

আরও পড়ুন: আইপিএলে ইতিহাস! ৩০ লাখের প্রফুল হিঞ্জের অবিশ্বাস্য রেকর্ড

সাকিব হতাশ করেননি। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় তুলে নিয়েছেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। যার মধ্যে রাজস্থানের মেরুদণ্ড ভেঙে দেওয়া ডোনোভান ফেরেইরার সেই অসাধারণ বোল্ড আউটটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

অভিষেকেই বিশ্বরেকর্ডের পাতায়

প্রফুল হিঙ্গের সঙ্গে মিলে রাজস্থান রয়্যালসকে রীতিমতো শাসন করেছেন সাকিব। আইপিএল ইতিহাসে অভিষেক ম্যাচে ৪ বা তার বেশি উইকেট নেওয়া সপ্তম বোলার হিসেবে এখন সাকিবের নাম ইতিহাসের পাতায়। আলজারি জোসেফ বা শোয়েব আখতারদের মতো কিংবদন্তিদের পাশে এখন উজ্জ্বল এই তরুণের নাম। কেকেআর তাকে ব্রাত্য মনে করলেও হায়দরাবাদ ঠিকই হীরা চিনতে ভুল করেনি।

আরও পড়ুন: আইপিএল: সূর্যবংশী-বুমরাহ দ্বৈরথে লারার ব্যাক-লিফট আর ব্র্যাডম্যানের ক্ষিপ্রতা!

সাকিব হুসেইনের এই পারফরম্যান্স এখন নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে কলকাতা নাইট রাইডার্সের স্কাউটিং বিভাগকে। কেন সাকিবের মতো প্রতিভাকে তারা ডাগআউটে বসিয়ে নষ্ট করেছিল, সেই সমালোচনা এখন তুঙ্গে। তবে সাকিব নিজে এসব নিয়ে ভাবছেন না। অভিষেক ম্যাচে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে আপাতত তিনি তৃপ্ত।