নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলার নেপালের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে করেছেন জোড়া গোল। সামনে এখন ভারত ম্যাচ।

হামজার জন্য লেস্টার সিটি থেকে দুই প্রতিনিধি এখন অবস্থান করছেন ঢাকায়। হামজাকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করছেন তারা। আজ সকালে ঢাকায় পৌঁছান তারা।

আজ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। বিকাল সাড়ে চারটায় অনুশীলনের সময়। সংবাদমাধ্যমের ভিড় সেখানে। এরমধ্যে দুই বিদেশি নাগরিককে ভিডিও ক্যামেরা নিয়ে প্রস্তুত দেখা গেল।

এ দুজনই এসেছেন লেস্টার সিটি থেকে। টিম বাস থেকে ড্রেসিংরুমে যাওয়ার পথে হামজা তাদের সঙ্গে হাসিমুখে কথা বলেন।

লেস্টার সিটি থেকে আসা ভিডিও প্রডিউসার ড্যান টাগট বলেন, ‘হামজার ওপর ডকুমেন্টারি বানাতে আমরা বাংলাদেশে এসেছি। ইংল্যান্ডে হামজাকে নিয়ে শুট করেছি। এখন বাংলাদেশে চার দিন থাকব। ভারত ম্যাচের পরের দিনই চলে যাব। এই ডকুমেন্টারি লেস্টারের ইউটিউব চ্যানেলে প্রচার হবে মাসখানেক পর।’

লেস্টার সিটির অনেক ফুটবলারই বিভিন্ন দেশের জাতীয় দলে খেলেছেন, খেলছেন। কিন্তু হামজাকে নিয়ে ডকুমেন্টারি কেন?

ড্যান টাগট সেটাই ব্যাখ্যা করলেন, ‘আসলে হামজা এবং লেস্টার প্রায় সমার্থক। তার বেড়ে ওঠা লেস্টারে এবং লেস্টারে তিনি সবার প্রিয়, আবার বাংলাদেশেও তার বিশাল জনপ্রিয়তা। হামজার মুখে শুনেছি আগে, আজ দেশে এসে এত মিডিয়ার উপস্থিতি এবং চার মিনিটে টিকিট বিক্রির ঘটনা শুনে বেশ বিস্মিত হয়েছি।’

লেস্টার সিটি ইংল্যান্ডের অন্যতম পুরানো এবং বড় ক্লাবগুলোর একটি। হামজা তাদের হয়ে গেল কয়েক বছর ধরে খেলছেন। তিনি বাংলাদেশের হয়ে খেলার পর থেকে লেস্টার সিটি অন্যরকম উত্তাপ টের পাচ্ছে। তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স-এর ফলোয়ার তরতরিয়ে বাড়ছে। তাদের পোস্টে এখন কমেন্টের বন্যা বয়ে যায়।

এই তোলপাড় করা মুহুর্ত টের পেয়ে লেস্টার নিজেদের ম্যাচগুলো বাংলাদেশের টাইমজোনের সাথে মিলিয়ে সূচি রাখছে।

লেস্টারের প্রতিনিধি বললেন, ‘হামজার জন্য বাংলাদেশের অনেক মানুষ লেস্টার অনুসরণ করছে। মানুষের আগ্রহের জন্যই স্বাভাবিকভাবে বাংলাদেশের টাইম জোন যুক্ত হয়েছে।’

ড্যান টাগটের সাথে আসা আরেক প্রতিনিধি জ্যা ম্যান। তিনি লেস্টারের নিরাপত্তা বিভাগে কাজ করেন। দীর্ঘদেহী জ্যা ম্যান হামজার প্রশংসা করে বললেন, ‘সে খুবই হাসিখুশি পূর্ণ মানুষ। আমি তাকে খুব ছোট থেকে চিনি, যখন সে তারকা হয়নি।’

লেস্টার সিটিতে খেলা ঘানার ফুটবলার আব্দুল ফাতাউয়ের ওপর এর আগে ডকুমেন্টারি বানিয়েছিল ক্লাবটি। এবার তারা বাংলাদেশের হামজাকে নিয়ে বানাচ্ছে।