ভেন্যু নিয়ে অন্তহীন জলঘোলা, ম্যাচ বাতিলের আবেদন থেকে শুরু করে কিংস অ্যারেনায় নিরাপত্তাহীনতার অজুহাতে খেলতে অস্বীকৃতি—ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে মাঠের বাইরে নাটকীয়তার কোনো কমতি ছিল না। অবশেষে বাফুফের কঠোর নিরাপত্তার নিশ্চয়তায় সব বিতর্কের অবসান ঘটিয়ে কিংস অ্যারেনার সবুজ গালিচায় রচিত হলো এক মহাকাব্যিক লড়াই। ফ্লাডলাইটের আলোয় ঝলমলে গ্যালারিতে একদিকে কিংস সমর্থকদের ঢাক-ঢোলের গর্জন, অন্যদিকে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের মোহামেডান সমর্থকদের নেচে-গেয়ে গগনবিদারী উল্লাস। গ্যালারির এক পাশে শোভা পাচ্ছিল মোহামেডানের প্রয়াত কিংবদন্তি সমর্থক আতা ভাইয়ের বিশাল প্রতিকৃতি।
এমন এক জমজমাট ও আবেগঘন আবহে আক্ষরিক অর্থেই ফাইনালের মতো এক ফাইনাল হল।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেসের জাদুকরী হ্যাটট্রিকে ৩-২ ব্যবধানে ফেডারেশন কাপের শিরোপা জিতে নিল বসুন্ধরা কিংস। এই জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুধু টানা তৃতীয়বারের মতো শিরোপাই ধরে রাখেনি; একই মৌসুমে চ্যালেঞ্জ কাপ, বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের ট্রফি বাগিয়ে গড়েছে ‘ট্রেবল’ জয়ের অনন্য কীর্তি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে দুবার ট্রেবল জয়ের ঐতিহাসিক স্বাদ পেল অস্কার ব্রুজনের শিষ্যরা। এটি গত সাত মৌসুমের মধ্যে কিংসদের পঞ্চম ফেডারেশন কাপ শিরোপা।
প্রথমার্ধে মোহামেডানের দাপট ও পেনাল্টি মিসের নাটক
যে মাঠে খেলতে মোহামেডানের চরম আপত্তি ছিল, সেই কিংস অ্যারেনাতেই ম্যাচের ৫ম মিনিটে দলকে উল্লাসে ভাসান উজবেক মিডফিল্ডার মুজাফফরভ মুজাফফর
বক্সের খানিকটা সামনে থেকে তাঁর নেওয়া দর্শনীয়, কোনাকুনি ফ্রি-কিকটি কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের কিছুই করার ছিল না। তবে পরের মিনিটেই বক্সের ভেতর স্যামুয়েল রাকসামকে শাকিল আহাদ তপু ফাউল করলে পেনাল্টি পায় কিংস।
আরও পড়ুন:
বাফুফেকে কিংসের চিঠি, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার দাবি
মোহামেডানের জোরালো আপত্তির মুখে ৯ম মিনিটে স্পটকিক থেকে কিংসকে ১-১ সমতায় ফেরান দরিয়েলতন।
হাইপ্রেসিং ফুটবলে মাঝমাঠে মুজাফফরভের দূরদর্শী নেতৃত্বে কিংসের তপু বর্মণদের রক্ষণভাগকে তটস্থ রেখে ২২ মিনিটে আবারও পেনাল্টি আদায় করে নেয় মোহামেডান। তবে এবার মুজাফফরভের শট দুর্দান্ত দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়ে কিংসকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলকিপার শ্রাবণ। পেনাল্টি মিসের হতাশা ভুলে ৩৪ মিনিটে আবারও লিড নেয় সাদা-কালোরা। জাহিদ হাসান শান্তর নিখুঁত কাটব্যাকে পা ছুঁইয়ে বল জালে পাঠান সৌরভ দেওয়ান। আসরে এটি তাঁর সপ্তম গোল। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।
দরিয়েলতনের হ্যাটট্রিক ও বুনো উদযাপন
বিরতি থেকে ফিরেই খোলস ছেড়ে বের হয় বসুন্ধরা কিংস। ৫০ মিনিটে মাঝমাঠ থেকে রকিবের চমৎকার থ্রু বল পেয়ে যান দরিয়েলতন। মোহামেডানের ডিফেন্ডারদের অফসাইডের ফাঁদ ব্যর্থ করে দিয়ে একা পেয়ে গোলরক্ষক সুজন হোসেনকে পরাস্ত করে ম্যাচে ২-২ সমতা আনেন এই ব্রাজিলিয়ান।
সমতা ফেরার পর কিংসের আক্রমণের তোড়ে কোণঠাসা হয়ে পড়ে মোহামেডানের হাইলাইন ডিফেন্স।
ম্যাচের ৭৯ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত ট্রফি নির্ধারণী মুহূর্ত। মোহামেডানের রক্ষণভাগকে বোকা বানিয়ে বক্সে ঢুকে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি কিংসকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান গোলমেশিন। দারুণ এই গোলের পর আবেগ ধরে রাখতে না পেরে গা থেকে জার্সি খুলে বুনো ও ভিন্ন রকম এক উদযাপনে মাতেন দরিয়েলতন।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে আসরে নিজের গোল সংখ্যাকে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ ১২-তে নিয়ে গেলেন তিনি (চলতি লিগে তাঁর গোল ১৭টি)।
১৪ বছর পর ২০২৩ সালে ফেডারেশন কাপ জেতা মোহামেডানের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ভেঙে দিয়ে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই কিংস অ্যারেনায় শুরু হয় কিংসের ঐতিহাসিক ট্রেবল উৎসব।
আরও পড়ুন:
বসুন্ধরা কিংসের মাঠেই ফেড কাপের ফাইনাল, মোহামেডান মানবে তো?

