রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেরিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি: গেটি ইমেজেস

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের। বুধবার রাতের এই ম্যাচটিতে ২-১ গোলে হেরে গেছে স্প্যানিশ জায়ান্টরা।

এই ম্যাচের স্কোয়াডে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু মাঠে নামা হয়নি তার।

শুধু এই ম্যাচই নয়, পরের ম্যাচ ঘিরেও দেখা দিয়েছে শঙ্কা। আগামী রোববার লা লিগায় আলাভেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচেও তাকে সম্ভবত পাচ্ছে না জাবি আলনসোর দল।

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার সম্ভাবনা কতোটুকু

এমবাপ্পের আঙুল ভেঙে গেছে। গেল রোববারের ঘটনা এটা। এরপর মঙ্গলবার আরেক দুঃসংবাদ, ফরাসি তারকার বাঁ পায়ের পেশিতে চোট।

এই অবস্থায় ম্যান সিটির বিপক্ষে এমবাপ্পেকে পায়নি রিয়াল মাদ্রিদ। সামনের লিগ ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা। ফলে দুশ্চিন্তায় আছে দলটি।

বর্তমানে কঠিন সময় পার করছে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা।

বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এমবাপ্পের ফিটনেস নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না স্প্যানিশ কোচ জাবি আলনসো।

তিনি বলেন, “রোববারের জন্য তাকে পাওয়া যাবে কি না, তা এখনই বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরিষ্কারভাবে সে বুধবার খেলার পরিস্থিতিতে ছিল না। যদি সে (আলাভেসের বিপক্ষে) মাঠে না ফেরে, তাহলে আমরা তার অভাব বোধ করব।”

এমবাপ্পের উপর বেশ নির্ভরশীল রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ২৫ গোল করেছেন তিনি। পাশাপাশি চারটি আসিস্টও করেছেন। এই মৌসুমে এখন পর্যন্ত দলের ৪৫ গোলের ৬৪ শতাংশই তার!

লা লিগায় ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে শীর্ষে থাকা বার্সেলোনা তাদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে।