১৩টি ভেন্যুতে প্রায় ৭০টি ম্যাচের রোমাঞ্চকর লড়াই শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসর এখন দাঁড়িয়ে গ্রুপ পর্বের শেষ দিনে। আর এই শেষ দিনেই নির্ধারিত হবে প্লেঅফের চতুর্থ ও চূড়ান্ত ভাগ্য। শেষ চারের টিকিট কাটার এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (আরআর)। প্লেঅফে যাওয়ার জন্য রাজস্থানের সামনে সমীকরণটা একদম জলবৎ তরলং— মুম্বাইয়ের বিপক্ষে জয় পেলেই অন্য কোনো দলের ফলাফলের দিকে না তাকিয়ে সরাসরি শেষ চারে জায়গা করে নেবে তারা।
তবে কোনো কারণে যদি রাজস্থান হেরে যায়, তখন তাদের ভাগ্য ঝুলে থাকবে অন্যদের ওপর। সেক্ষেত্রে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সকে তাদের নিজেদের শেষ ম্যাচে হারতে হবে। টুর্নামেন্টের শেষভাগে এসে টানা তিন হারে রাজস্থানের প্লেঅফের পথ কিছুটা কঠিন হয়ে পড়েছিল, কিন্তু লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সর্বশেষ বড় জয় তাদের আবার কক্ষপথে ফিরিয়েছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের বিপক্ষে রাজস্থানের রেকর্ডও বেশ ভালো; ২০১৫ সালের পর এই মাঠে চার ম্যাচের তিনটিতেই জিতেছে তারা।
অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এবারের আসরটি কেটেছে দুঃস্বপ্নের মতো। ঘরের মাঠের দর্শকদের সামনে শেষ ম্যাচে সান্ত্বনার জয় দিয়ে মৌসুম শেষ করতে চাইবে হার্দিক পান্ডিয়ার দল।
রোববার ওয়াংখেড়েতে ১০ম হারের মুখ দেখলে টেবিলের একেবারে তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করার লজ্জায় পড়তে হতে পারে তাদের।
লাইমলাইটে বুমরাহ বনাম সূর্যবংশী
দুই দলের আগের দেখায় ক্রিকেটবিশ্ব দেখেছিল এক রোমাঞ্চকর লড়াই— অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ বনাম কিশোর বিস্ময় বৈভব সূর্যবংশী। চলতি মৌসুমে ইতিমধ্যে ৫৩টি ছক্কা হাঁকানো সূর্যবংশী আগের ম্যাচে বুমরাহর প্রথম বলেই ছক্কা মেরে চমকে দিয়েছিলেন। বুমরাহর করা ৫টি বলের মুখোমুখি হয়ে দুটো ফুলটস আদায় করে নিয়েছিলেন এই তরুণ।
রোববারের হাইভোল্টেজ ম্যাচে এই অভিজ্ঞ পেসার ও তরুণ তুর্কির দ্বিতীয় রাউন্ডের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে ক্রিকেটবিশ্ব।
তাছাড়া, ক্রিস গেইলের ২০১২ সালের এক মৌসুমে সর্বোচ্চ ৫৯টি ছক্কার রেকর্ড ভাঙতে সূর্যবংশীর প্রয়োজন আর মাত্র ৭টি ছক্কা।
নজরে জাদেজা ও পরাগ
মুম্বাই ইন্ডিয়ান্স এবার রেকর্ড ২৪ জন খেলোয়াড়কে মাঠে নামিয়েছে। ওয়াংখেড়ের উইকেটের আচরণ বুঝে তারা তরুণ লেগস্পিনার রঘু শর্মার জায়গায় অতিরিক্ত পেসার হিসেবে শার্দুল ঠাকুর কিংবা বিহারের বাঁহাতি পেসার মোহাম্মদ ইজহারকে অভিষেক করাতে পারে।
অন্যদিক, রাজস্থান রয়্যালস শিবিরে চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। রিয়ান পরাগ ও রবীন্দ্র জাদেজার চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। শনিবার জাদেজা নেটে কিছুক্ষণ বোলিং ও দীর্ঘক্ষণ ব্যাটিং করলেও, পরাগকে অনুশীলনে দেখা যায়নি।
পরাগ যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তবে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকেই আবারও অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যাবে।
আরও পড়ুন:
আইপিএলের প্লে-অফে বেঙ্গালুরু, বিদায়ের পথে প্রীতি জিনতার পাঞ্জাব

