ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি খরা কাটানোর রাতে সৌদি আরবের ফুটবল মঞ্চে সব আলো কেড়ে নিলেন জোয়াও ফেলিক্স। পর্তুগাল জাতীয় দলের এই তারকা উইঙ্গার তাঁর আল নাসর সতীর্থ রোনালদোকে পেছনে ফেলে ২০২৫/২০২৬ মৌসুমের সৌদি প্রো লিগের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য সিজন) নির্বাচিত হয়েছেন। সৌদি লিগের অফিশিয়াল ‘এক্স’ (টুইটার) অ্যাকাউন্টে জমকালো এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। পুরো মৌসুমে আল নাসরের আক্রমণভাগের মূল চালিকাশক্তি হিসেবে অবদান রাখায় ফেলিক্সকে এই ট্রফি দেওয়া হয়েছে।
দামাককে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে লিগ চ্যাম্পিয়ন হয় আল নাসর।
সেই ম্যাচে ৪১ বছর বয়সী মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করে এবারের আসরে নিজের গোলসংখ্যা ২৮-এ নিয়ে যান। তাছাড়া ২০২২ সালের শেষভাগে মধ্যপ্রাচ্যের এই দেশে পা রাখার পর আল নাসরের জার্সিতে এটিই সিআরসেভেনের প্রথম কোনো বড় অফিশিয়াল শিরোপা জয়।
রোনালদো ও টনিদের টপকে ফেলিক্সের বাজিমাত
চেলসি থেকে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল নাসরে যোগ দেওয়া ২৬ বছর বয়সী ফেলিক্সের জন্য সৌদিতে এটিই ছিল প্রথম মৌসুম।
আসরে মোট ৩৩টি ম্যাচ খেলে ২০টি দৃষ্টিনন্দন গোলের পাশাপাশি লিগের সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্ট করে নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আল কাদসিয়াহর হুলিয়ান কিনোনেস ও আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি প্রথম ও দ্বিতীয় স্থান পেলেও, পুরো মৌসুমে ধারাবাহিকতা ও সামগ্রিক ইম্প্যাক্টের কারণে ফেলিক্সই জিতে নিয়েছেন বর্ষসেরার মুকুট।
এই দৌড়ে তিনি আল হিলালের রুবেন নেভেসকেও পেছনে ফেলেছেন।
পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত ফেলিক্স বলেন, “কোচ আমাকে যে স্বাধীনতা ও আত্মবিশ্বাস দিয়েছেন, তাতেই সবকিছু সহজ হয়েছে। দলের আক্রমণের মূল চাবিকাঠি হিসেবে ভূমিকা রাখতে পেরে আমি ভীষণ আনন্দিত।”
আরও পড়ুন:
ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে ৩টি ‘উচ্চাভিলাষী’ চ্যালেঞ্জ
চ্যাম্পিয়ন করেই দায়িত্ব ছাড়লেন গুরু জেসুস
আল নাসরের এই অবিস্মরণীয় শিরোপা জয়ের দিনে বড় পুরস্কার পেয়েছেন তাদের পর্তুগিজ মাস্টারমাইন্ড হোর্হে জেসুসও। ফেলিক্সের পাশাপাশি তিনিও জিতে নিয়েছেন মৌসুমের সেরা কোচের পুরস্কার।
কিন্তু ট্রফি উঁচিয়ে ধরার পরপরই আল নাসর সমর্থকদের বড় এক ধাক্কা দিয়ে নিজের বিদায়ের ঘোষণা দিয়েছেন এই পর্তুগিজ কোচ।
বিদায়বেলায় জেসুস বলেন, “এই জয় পুরো দলের, বিশেষ করে রোনালদোর জন্য এটি বেশি স্পেশাল। কারণ এখানে ও এর আগে কোনো বড় শিরোপা জেতেনি। আমি আল নাসরের এই চ্যালেঞ্জটাই নিয়েছিলাম রোনালদোকে চ্যাম্পিয়ন করার প্রতিশ্রুতি দিয়ে। আমি ওকে বলেছিলাম—চ্যাম্পিয়ন করেই আমি দায়িত্ব ছাড়ব।”
“আমার মিশন সফল, আল নাসরের হয়ে এটিই ছিল আমার শেষ ম্যাচ।”
আরও পড়ুন:
রোনালদোর চেয়ে ৯৪ ম্যাচ কম! যতো রেকর্ড নিয়ে ৯০০ গোলের চূড়ায় মেসি

