Kylian Mbappe looking disappointed on the pitch at Santiago Bernabeu.রিয়াল মাদ্রিদে কী এমবাপ্পে অধ্যায় শেষ হতে চলেছে? ছবি: ফক্স স্পোর্টস

রিয়াল মাদ্রিদের ডাগআউটে আবারও ফিরছেন জোসে মরিনহো। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিকে ইউরোপের শীর্ষস্থানে ফিরিয়ে আনার জন্য ৬৩ বছর বয়সী এই পর্তুগিজ কোচের ওপর আস্থা রেখেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো ইতিমধ্যেই মরিনহোর রিয়ালে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক চুক্তিতে দুই বছরের জন্য রিয়ালের দায়িত্ব নিচ্ছেন তিনি। তবে মরিনহো ডাগআউটে আসার আগেই রিয়ালের ড্রেসিংরুমে বড় ধরনের রদবদলের হাওয়া লেগেছে। একই সঙ্গে ক্লাব ছাড়ছেন তিনজন সিনিয়র ফুটবলার। সঙ্গে এমবাপ্পেও বিদায়ের পথে রয়েছেন।

এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

সবচেয়ে বড় গুঞ্জন তৈরি হয়েছে ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। দুই বছরে ৮৫ গোল করলেও রিয়ালকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি তিনি। রিয়ালকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা জিতে নিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পারেনি রিয়াল।

মাঠে এমবাপ্পের অলস ফুটবল এবং মাঠের বাইরের বিভিন্ন বিতর্কিত আচরণের কারণে সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকরাও তার ওপর ক্ষুব্ধ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এবং ফরাসি গণমাধ্যম ‘এল ইকুইপ’ জানিয়েছে, রিয়াল কর্তৃপক্ষ এখন এমবাপ্পেকে আর অপরিহার্য ভাবছে না। ভিনিসিয়ুস জুনিয়রের সাথে তার সমন্বয় নিয়েও ক্লাবের নীতি-নির্ধারকদের মনে সংশয় দেখা দিয়েছে।

আচরণ ঠিক না হলে ক্রিশ্চিয়ানো রোনালদো বা সার্জিও রামোসের মতো এমবাপ্পেকেও ক্লাব থেকে বিদায় করে দেওয়া হতে পারে।

তবে তাকে ছাড়তে হলে নেইমারের ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ভাঙতে হবে যেকোনো ক্লাবকে।

আরও পড়ুন:
বার্নাব্যুতে ‘গৃহদাহ’: এমবাপ্পে-আরবেলোয়া দ্বন্দ্বে টালমাটাল রিয়াল মাদ্রিদ

একসঙ্গে বিদায় নিচ্ছেন তিন অভিজ্ঞ তারকা

ফ্যাব্রিজিও রোমানো তার ইউটিউব চ্যানেলে নিশ্চিত করেছেন যে, চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন দানি কারভাহাল, ডেভিড আলাবা এবং দানি সেবালোস।

রিয়াল অধিনায়ক দানি কারভাহাল ও ডিফেন্ডার ডেভিড আলাবা ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ছেন। কারভাহালের বিদায়ের খবরটি ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে চুক্তির এক বছর বাকি থাকায় মিডফিল্ডার দানি সেবালোসকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সেবালোসের পরবর্তী গন্তব্য হিসেবে আয়াক্স, মার্সেই এবং রিয়াল বেতিসের নাম শোনা যাচ্ছে।

বড় তারকাদের এই দলবদল ও নতুন কোচের আগমন মিলিয়ে রিয়ালে এখন সম্পূর্ণ নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে।

আরও পড়ুন:
২৩ বছরের সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কারভাহাল