আজ শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগ এর ২৭তম আসর। এই প্রতিযোগিতায় সফলতম দল খুলনা, তবে শেষ ৪ মৌসুমে তাদের একটিও শিরোপা নেই।
খুলনা দল, কোয়াব আর ঢাকা লিগকে ঘিরে অনিশ্চয়তা-এসব কিছু নিয়েই খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন-এর সঙ্গে কথা বলেছেন সামীউর রহমান
প্রশ্ন: জাতীয় ক্রিকেট লিগের গত আসরে খুলনা হয়েছিল পঞ্চম। এবারের আসরে আপনাদের শুরুটা হচ্ছে বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই মৌসুমে খুলনার লক্ষ্য, প্রস্তুতি এবং বাস্তবতা সব নিয়ে কি মনে করেন?
মোহাম্মদ মিঠুন: আমরা শেষ কয়েক বছরে একটু ভুগছি, বিশেষ করে ৪ দিনের ম্যাচে। আমাদের দলের ভেতর এটা নিয়ে আলোচনাও হচ্ছে, কেন কাংখিত ফল আসছে না সেসব নিয়ে কথাও বলেছি। আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া । (এনসিএল) টি-টোয়েন্টির সময়ও বলেছিলাম, অনেক দিন ধরে চ্যাম্পিয়ন ট্রফি খুলনায় যাচ্ছে না, যদিও খুলনারই চ্যাম্পিয়নের ট্রফি সবচেয়ে বেশি। যেহেতু আমাদের রেপুটেশন এরকম ছিল, লম্বা সময় ধরে মাঝখানে সেটা মিসিং আছে। আমাদের মধ্যে এই পুরানো গৌরব ফিরিয়ে আনার ব্যপারে আলোচনাও হয়েছে। আশা করি যে এই বছর আমরা অনেক ভাল করব।
প্রশ্ন: আপনার প্রথম শ্রেণীর ম্যাচ ১৩৭টা, সবশেষ মৌসুমে এনসিলে ৪৪৯ রান। আপনার টেস্ট ক্যারিয়ারটা কি মাত্র ১০ টেস্টেই থেমে যাবে?
মিঠুন: এখন এসব তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা ততটুকুই চিন্তা করি যতটা আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিবছরই খেলছি। চেষ্টা করি নিজের সেরাটা দেয়ার। সত্যি কথা বলতে আমাদের দেশে ঘরোয়া পারফরম্যান্স দেখে খুব একটা যে জাতীয় দলে বিবেচনা করা হয়, এই জিনিষটা কিন্তু না। ঘরোয়া লিগে খুব একটা মনোযোগ থাকে না। এই পারফরম্যান্সকে গুণতিতেও ধরে না। সবসময় দেখবেন বয়সভিত্তিক ক্রিকেট থেকেই খেলোয়াড়দের বাছাই করে তারপর ওদেরকেই খেলাতে খেলাতে সুযোগ দিতে দিতে উপরে তুলে আনে। কেউ টি-টোয়েন্টিতে ভাল করে তাকে টেস্ট খেলায় দেয়। আমাদের তো ওরকম কাঠামোই তৈরি হয়নি যে যারা ৪ দিনের ম্যাচে ভাল করবে তাদেরকে টেস্টে খেলাবে। পারফর্ম করলেই যে (জাতীয় দলে) সুযোগ পাওয়া যাবে এটার কোন নিশ্চয়তা নেই।
প্রশ্ন: এবার জাতীয় লিগের ২৭তম আসর হতে যাচ্ছে। তাহলে টেস্ট ক্রিকেটে এনসিএলের অবদান কি?
মিঠুন: বিষয় হচ্ছে প্রত্যেকটা সেক্টরেই পেশাদারি আরো বাড়াতে হবে। বলা হচ্ছে প্রতিযোগিতামূলক ক্রিকেটের কথা, প্রতিযোগিতামূলক মনোভাব অন্যান্য জায়গাতেও আনতে হবে। আমাদের সামগ্রিক কাঠামোই তো ভাল না। একটা টেস্ট দল হিসেবে আমাদের ম্যাচ ফি’র কাঠামো কোনভাবেই ভাল বলা চলে না। অন্যান্য ক্রিকেট বোর্ডে খেলার পেছনে, খেলোয়াড়দের পেছনে যে ব্যয়টা করে সেটা তাদের আয়ের ২০-৩০ শতাংশ, কোন কোন বোর্ডে ৪০ শতাংশ।
আমি যতটুকু শুনেছি, বাংলাদেশে ক্রিকেটের পেছনে বা খেলোয়াড়দের পেছনে ব্যয় হয় ১ শতাংশ এর কম। আমিও ভুলও জেনে থাকতে পারি। এই জায়গা গুলোতে সমতা আসা উচিত কারণ বোর্ড তো আয় করছে খেলোয়াড়দের দিয়েই। ক্রিকেট উন্নয়নের পেছনে, খেলোয়াড়দের পেছনে যদি এই অর্থ বিনিয়োগ না করা হয় তা হলে প্রতিদানও তো কমই আসবে। তবে ধাপে ধাপে উন্নতি হচ্ছে, ১০০ ভাগ হচ্ছে এটা বলব না। সঠিক পরিকল্পনা করলে, উদ্দেশ্য সৎ থাকলে উন্নতি করা সম্ভব।
প্রশ্ন: নতুন দল হিসেবে এনসিএলে খেলছে ময়মনসিংহ। ঢাকা মেট্রোকে বাদ দেয়া হয়েছে। এই নিয়ে পক্ষে-বিপক্ষে নানান যুক্তি আছে। আপনি কি মনে করেন এই ব্যপারে? এতে করে কি প্রতিযোগিতার মান বাড়ল না কমল?
মিঠুন: এতে করে বাড়ারও কিছু নাই কমারও কিছু নাই। যেহেতু ৮টা দল, যার যার বিভাগে যেকোন খেলোয়াড় প্রথম প্রায়রিটি পায়। সে তার বিভাগে সুযোগ না পেলে অন্য বিভাগে খেলে। এই ব্যপারে আমাদেরও আলোচনা হয়েছিল বোর্ডের সঙ্গে, আমরা বলেছিলাম ৯টা দল করা যায় কি না। ঢাকা মেট্রো অনেক বছর ধরে খেলেছে, তাদের অনেক অবদানও আছে। ময়মনসিংহও বিভাগ হিসেবে নিজস্ব দলের দাবীদার।
সেক্ষেত্রে কাউকে বাদ না দিয়ে দুটো দলকেই রাখা যেত তাহলে আরও ১৫-২০জন খেলোয়াড় বেশি সুযোগ পেত আমি মনে করি যতি বেশি খেলোয়াড় সুযোগ পাবে, তাদের ভেতর থেকে ততবেশি পারফর্মার বের হয়ে আসবে। দল বাড়ালে মান কমবে বলে মনে হয় না। ঢাকা প্রিমিয়ার লিগ তো অনেক প্রতিদ্বন্দিতাপূর্ণ টুর্নামেন্ট, ঢাকা লিগে ১২টা দল খেলে না! আমরা আসলে কিছু মানুষের ইতিবাচক সাড়াই পেয়েছিলাম ৯ দলের ব্যপারে, ফাইনালে কেন রাখা যায়নি সেটা আমি বলতে পারব না।
প্রশ্ন: এর আগে কোথাও কোন নির্বাচনে অংশ নিয়েছেন? কোয়াব সভাপতি হওয়ার পর জীবনে কি পরিবর্তন এসেছে?
মিঠুন: না, জীবনে এর আগে কোথাও কোন নির্বাচনে অংশ নেই নাই। জীবনে পরিবর্তন বলতে দায়িত্ব অনেক বেশি চলে আসছে। আগে তো নিজেকে নিয়ে বা নিজের পরিবারকে নিয়ে ছিলাম। সেই দায়িত্বগুলোই পালন করতাম। এখন পুরো ক্রিকেট অঙ্গণের যত সমস্যা, এই সবকিছুতেই তো মাথা ঘামানো লাগে। এত সমস্যা একজনের জন্য সমাধান করা সম্ভব নয়, তবে দায়িত্বশীল একটা জায়গা থেকে ব্যপারটা এড়িয়েও যাওয়া যাবে না। কতটুকু পারলাম, না পারলাম এর চাইতে বড় কথা আমার উদ্দেশ্যটা কি।
খেলোয়াড়দের সমস্যা হচ্ছে, তাদের পক্ষে আমি দাঁড়াচ্ছি কি না। ক্রিকেটের ক্ষতি হয়ে যাচ্ছে, আমি কোন কথা বলছি কি না। এটা গুরুত্বপূর্ণ। আমাদের কোয়াব এত শক্তিশালীও না যে আমরা বললে একটা কিছু হয়ে যাবে। তবে আমরা একটা আওয়াজ উঠাতে পারি যে এটা ভুল এটা ঠিক। প্রত্যেক মানুষের বিবেক আছে। আমরা অন্য কারো সাপোর্টে না, প্রধান কাজ হচ্ছে খেলোয়াড়দের পাশে থাকার। অন্য কোন ইস্যু যে আমাদের প্রভাবিত করতে না পারে।
প্রশ্ন: কোয়াবের প্রেসিডেন্ট হিসেবে যদি জানতে চাওয়া হয় আপনার সময়ে একটা সুনির্দিষ্ট কাজ যেটা করে যেতে চান সেটা কি?
মিঠুন: একটা কাজ বললে তো…আমাদের তো অনেক কাজ তবে যেটা বলতে চাই যে আমি একটা কাঠামো গড়ে দিয়ে যেতে চাই সংগঠনের।এখন তো আমাদের কিছুই নাই। আমাদের একটা অফিস প্রয়োজন, জেলায় কমিটি গ্ড়ে দেয়া দরকার কারণ ওদেরকে দিয়ে জেলার লিগগুলো চালু করতে হবে। আগে প্রতিটা জেলায় জেলায় লিগ হত, এখন জেলা লিগ বিশ্বকাপের মত হয়ে গেছে! প্রতি ৪-৫ বছরে ১ বার হয়! খেলোয়াড় উঠে আসে এই জেলা লিগ থেকেই।
একটা খেলোয়াড়ের প্রথম ক্রিকেট বলের ম্যাচ হওয়া উচিত নিজের জেলায়, স্থানীয় ক্লাবে। আমাদের এই সুযোগ সুবিধাগুলো খুবই কম। এসব কিভাবে বাড়ানো যায়। এছাড়া স্বাস্থ্যবীমা, কার্যালয় স্থাপন, এসব আছে।একটা তহবিল গঠন করা, এখন আমাদের ফান্ড লাগবে। আমরা একজন আর্থিক উপদেষ্টা নিয়োগ দিতে চাই যে আমাদের পরামর্শ দিবে কিভাবে তহবিল বাড়ানো যায়। ক্রিকেট বোর্ড থেকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে কার্যালয় সংস্কার করে দেয়ার, আমরা চিঠি দিয়েছি। আগে ছিল ০ তহবিল, এখন আমাদের ২৫-৩০ লাখ টাকার একটা তহবিল আছে। অনেক পরিকল্পনাই আছে, আমরা যেখানে থেমে যাব পরের কমিটি এসে সেটাকে এগিয়ে নিয়ে যাবে।
প্রশ্ন: কিছুদিন আগে, তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি নির্বাচন থেকে সরে দাড়িয়ে লিগ বর্জন করা ক্লাব সংগঠকদের কাছে গিয়েছিলেন আপনি। কি কথা হল বা কি সিদ্ধান্ত এলো?
মিঠুন: উনাদের সঙ্গে বৈঠকে আমাদের পক্ষ থেকে কনভিন্স করার চেষ্টা করেছি। আমাদের মূল কথাটা ছিল এটাই, দেখেন আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কারো সমস্যা থাকতে পারে। কিন্তু দিনশেষে আমরা সবাই ক্রিকেটের জন্যই কাজ করছি, সেটা ক্লাব বলেন আর বোর্ড বলেন। এখন ক্লাব আর বোর্ডের ঝামেলার জন্য তো খেলোয়াড় ভুক্তভোগী হতে পারে না। ঢাকা লিগ সবচেয়ে বেশি ক্রিকেটার খেলে, এখান থেকেই তারা আর্থিকভাবে উপকৃত হয়। তৃতীয় বিভাগ থেকে প্রিমিয়ার, এই টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেলে কতগুলো ক্রিকেটার ভুক্তভোগী হবে। উনাদের ব্যক্তিগত কোন সমস্যার কারণে এতগুলো খেলোয়াড় তো ভুগতে পারে না।
আমরা অনুরোধ করেছিলাম যে আপনাদের ব্যক্তিগত সমস্যার তো আমরা সমাধান করে দিতে পারব না। এটা আমাদের হাতে নাই। আমরা আপনাদের অনুরোধ করছি, এতদিন ধরে আপনারা খেলোয়াড়দের পাশে ছিলেন, খেলোয়াড়রাও ছিল। এই সব ইস্যুর কারণে খেলোয়াড়রা ক্ষতিগ্রস্থ হোক, এটা কাম্য নয় আমাদের। এসব বলেছি আমরা। উনাদেরও তো আর একজন দুইজন ছিলেন না, অনেকজন ছিলেন; তাদের অনেকেই আমাদের সঙ্গে একমত হয়েছে। উনাদের যে অবস্থান ছিল সেখান থেকে অনেকটাই শীতল অবস্থায় আসছে। পরে আমরা ব্যপারটা সিসিডিএম চেয়ারম্যানকে জানিয়েছি। উনাকে বলেছি উনাদের সঙ্গে আপনাদের যে সমস্যা, একপক্ষ থেকে তো কিছু হয় না, সমাধান করতে হলে দুই পক্ষ থেকেই আগাতে হয়। আমরা ক্লাবের সঙ্গে কথা বলেছি, উনারা একটু নমনীয় হয়েছেন। এখন আপনারা একটু উদ্যোগী হন। তিনিও আমাদের আশ্বাস দিয়েছেন। ব্যপারটা এখন এই পর্যায়েই আছে।
(সাক্ষাৎকারটি দেশ রূপান্তর’র সৌজন্যে প্রকাশ করা হলো)

