লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে গেলেও ফেডারেশন কাপে নিজেদের দাপট ধরে রাখল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সৌরভ দেওয়ানের চমৎকার জোড়া গোলে ব্রাদার্স ইউনিয়নকে ২–১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সাদা-কালোরা। এই জয়ের মাধ্যমে গত চার বছরে তিনবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
সৌরভের ঝলকে মোহামেডানের লিড
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহামেডান। তবে গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। রহমত মিয়ার লম্বা থ্রো-ইন থেকে এলি কেকের মাথা ছুঁয়ে আসা বলে দুর্দান্ত এক হেডে মোহামেডানকে ১–০ তে এগিয়ে নেন সৌরভ দেওয়ান।
বিরতির আগে আরও কয়েকটি আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি সাদা-কালোরা।
আরও পড়ুন:
রহমতগঞ্জকে ৩ গোল দিল মোহামেডান, বসুন্ধরার কাছে ৪ গোল খেল ব্রাদার্স
জামাল ভূঁইয়ার ফ্রি-কিক ও সমতা
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স ইউনিয়ন। ৪৯ মিনিটে আলমগীর গাজীর ভলি মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন প্রতিহত করলে রক্ষা পায় দলটি। তবে ৭২ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে আলমগীর গাজীকে ফাউল করা হলে ফ্রি-কিক পায় ব্রাদার্স।
সেখান থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার অসাধারণ এক ফ্রি-কিক সরাসরি জালে জড়ালে সমতায় ফেরে গোপীবাগের দলটি (১–১)।
শেষের রোমাঞ্চ ও অপ্রীতিকর ঘটনা
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আবারও হাজির হন সৌরভ দেওয়ান। যোগ করা সময়ের (৯০+১) প্রথম মিনিটে মুজাফফর মুজাফফরভের কর্নার থেকে বক্সের জটলার মধ্যে বল পান সৌরভ। দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
তবে ম্যাচ শেষে মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। রেফারি শেষ বাঁশি বাজানোর পর দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে লিপ্ত হন। এই সংঘাতের এক পর্যায়ে মোহামেডানের মুজাফফরভের মুখ ফেটে রক্ত বের হতে দেখা যায়।
ফাইনালে কিংসের মুখোমুখি মোহামেডান
আগামী ১৯ মে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান।
প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্সকে ৪–০ গোলে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল কিংস। দুই জায়ান্টের এই লড়াইয়ে এখন কার মাথায় শিরোপার মুকুট ওঠে, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন:
বসুন্ধরা কিংসের ম্যাচে হট্টগোল, ৭২ মিনিট বন্ধ: লিগের ‘ফাইনাল’ ১৫ মে

