নোভাক জোকোভিচ যে ফুরিয়ে যাননি, সেটারই প্রমাণ যেন মিললো এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপে। দারুণ লড়ে ট্রফি জিতে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
সাম্প্রতিক সময়ে কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের মতো তরুণ তারকাদের বিপক্ষে ভোগতে দেখা গেছে নোভাক জোকোভিচকে। কিন্তু এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়িয়ে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ১০১তম ক্যারিয়ার ট্রফি জিতে নিয়েছেন সার্ব তারকা।
ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ীর তালিকায় জোকোভিচের অবস্থান এখন ১১ নম্বরে। কেন রোজওয়েলের পর সবচেয়ে বয়স্ক হিসেবে এটিপি ইভেন্ট জেতার রেকর্ড গড়লেন জোকোভিচ।
এই সার্বিয়ান তারকা বিশ্ব রেকর্ডও গড়েছেন। এতোদিন হার্ড কোর্টে ৭১টি শিরোপা নিয়ে রজার ফেদেরারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন জোকোভিচ। এটিপি এথেন্স শিরোপা জয়ের ফলে তার হার্ড কোর্ট ক্যারিয়ার ট্রফি হলো ৭২টি। ফলে এখন এককভাবে শীর্ষে জোকোভিচ।
ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম (২৪) জেতা এবং ফাইনাল (৩৭), সেমিফাইনাল (৫৩) ও কোয়ার্টার ফাইনালে (৬৪) খেলার রেকর্ডও জোকোভিচের দখলে।
এথেন্সে ট্রফি জিতে জোকোভিচ বলেন, ‘অসাধারণ লড়াই-তিন ঘণ্টার কঠিন ম্যাচ, শারীরিকভাবে। এটি যে কারো ম্যাচ হতে পারত, তাই লরেঞ্জোকে ধন্যবাদ অসাধারণ পারফরম্যান্সের জন্য। এই লড়াইয়ে জিততে পেরে আমি খুব গর্বিত।’
তিনি ঘোষণা দেন, আগামী এটিপি ফাইনালসে তিনি খেলবেন না। কারণ, কাঁধের চোট তাকে ভোগাচ্ছে।

