পিএসএলে শাহীন শাহ আফ্রিদি ও ডেভিড ওয়ার্নারদের লড়াই।পিএসএলে প্লে অফের লড়াই এখন জমজমাট। ছবি: এক্স

পাকিস্তান সুপার লিগের (PSL) ১১তম আসর এখন রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষের দিকে থাকলেও প্লে-অফের চতুর্থ স্থানটি নিয়ে এখনো চলছে চরম নাটকীয়তা। গত ম্যাচে হায়দরাবাদ কিংসমানকে বড় ব্যবধানে হারিয়ে পেশোয়ার জালমি ও মুলতান সুলতানসের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ইসলামাবাদ ইউনাইটেড। এখন শেষ একটি টিকিটের জন্য লড়াই করছে লাহোর কালান্দার্স, হায়দরাবাদ কিংসমান, করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এদিকে, ফাইনালে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র

ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়ে বড় বিপর্যয়ে পড়েছে হায়দরাবাদ কিংসমান। এই বিশাল হারের ফলে নেট রান রেটে পিছিয়ে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেছে হায়দরাবাদ।

অন্যদিকে, শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স বর্তমানে চারে উঠে এসেছে। লাহোর, হায়দরাবাদ ও করাচি—তিন দলেরই সংগ্রহ ৮ পয়েন্ট। কোয়েটার পয়েন্ট ৬ হলেও গাণিতিকভাবে তাদের আশা এখনো টিকে আছে।

কার ভাগ্য কোন সুতোয়?

লাহোর কালান্দার্স: বর্তমান চ্যাম্পিয়নদের শেষ ম্যাচে লড়তে হবে অপরাজেয় পেশোয়ার জালমির বিপক্ষে। জয়ের পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে হায়দরাবাদ ও করাচির হারের দিকে।

হায়দরাবাদ কিংসমান: রাওয়ালপিন্ডিজের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই তাদের। সঙ্গে প্রার্থনা করতে হবে যেন লাহোর ও করাচি তাদের শেষ ম্যাচে পয়েন্ট হারায়।

আরও পড়ুন: মরুর বুকে পাকিস্তানের পিএসএল! জেদ্দায় হচ্ছে নতুন ক্রিকেট স্টেডিয়াম

করাচি কিংস: শেষ ম্যাচে কোয়েটাকে হারাতে হবে এবং বাকি দুই প্রতিদ্বন্দ্বীর হারের অপেক্ষা করতে হবে।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: যদি কোয়েটা করাচিকে হারায় এবং বাকিরা হারে, তবে সব দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন নেট রান রেটে ভাগ্য নির্ধারিত হবে।

ফাইনালে খুলছে বন্ধ দরজা

জ্বালানি সংকটের কারণে এবারের পিএসএল দর্শকশূন্য মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার। তবে টুর্নামেন্টের শেষ লগ্নে সমর্থকদের জন্য খুশির খবর দিয়েছেন PCB চেয়ারম্যান মহসিন নাকভি।

আগামী ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে এই বিশেষ অনুমতি দিয়েছেন।

আরও পড়ুন: পিএসএল থেকে মোস্তাফিজ-রিশাদ-রানাদের প্রাপ্তি কী

২৬ মার্চ ৮ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে কৃচ্ছ্রসাধন নীতির কারণে শুধু লাহোর ও করাচিতে খেলা সীমাবদ্ধ রাখা হয়েছিল। তবে দীর্ঘ এক মাস পর গ্যালারিতে দর্শকের গর্জন শোনার অপেক্ষায় আছে পিএসএল।