ক্যামেরুনিয়ান কিংবদন্তি স্যামুয়েল ইতোর একটি হাসিখুশি মুহূর্ত।ক্যামেরুনের কিংবদন্তি স্যামুয়ের ইতো। ছবি: গেটি

স্যামুয়েল ইতো—ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম্বার নাইন। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান থেকে চেলসি; ক্যারিয়ারজুড়ে যেখানেই গিয়েছেন, সেখানেই প্রতিপক্ষের রক্ষণকে তছনছ করে করেছেন ৪২০টি গোল। জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি। নিজের সামর্থ্য নিয়ে অহংকার করার মতো যথেষ্ট রসদ থাকলেও এক জায়গায় এসে তিনি বড্ড বিনয়ী। ৪৪ বছর বয়সী এই ক্যামেরুনিয়ান কিংবদন্তি স্পষ্ট জানিয়েছেন, ইতিহাসে এমন একজন স্ট্রাইকার ছিলেন যার শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। তিনি আর কেউ নন, ব্রাজিলের ‘দ্য ফেনোমেনন’ রোনালদো নাজারিও।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর সাথে একবার আলাপকালে ইতো অকপটে স্বীকার করেন, তার চোখে রোনালদো নাজারিওই সর্বকালের সেরা। ফুটবল মাঠে রোনালদোর যে দাপট ছিল, তার ধারেকাছে কেউ নেই বলে মনে করেন তিনি।

ইতো বলেন, “সবচেয়ে সেরা ছিল রোনালদো, ‘ও ফেনোমেনো’। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। এরপর আমরা বাকিরা যারা আছি, তারা ওর পেছনেই থাকব। নিজেকেও আমি সেই তালিকার কাতারেই রাখব।”

দুইবার ব্যালন ডি’অর জয়ী রোনালদোর পায়ের জাদু যে ইতোর মনে বিশেষ স্থান দখল করে আছে, তা তার এই বক্তব্যেই স্পষ্ট।

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও।
ব্রাজিল কিংবদন্তি রোনালদো। ছবি: গেটি

সেই একই আড্ডায় ইতো বর্তমান সময়ের ফুটবল নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। সে সময় তিনি লিওনেল মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছিলেন। তবে মজার ব্যাপার হলো, কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ইতোর করা এক ভবিষ্যদ্বাণী আজ ধ্রুব সত্যের মতো শোনাচ্ছে।

২১ বছর বয়সী এমবাপ্পেকে নিয়ে সে সময় ইতো বলেছিলেন, এই তরুণই হবে আগামীর বিশ্ব ফুটবলের প্রধান তারকা এবং মেসির জায়গা পূরণ করবেন। যদিও এমবাপ্পে এখনো ব্যালন ডি’অর জেতেননি, তবে রিয়াল মাদ্রিদের জার্সিতে তার সাম্প্রতিক ছন্দ ইতোর সেই দূরদর্শী চিন্তারই প্রতিফলন। শুরুর দিকে বার্নাব্যুতে মানিয়ে নিতে কিছুটা বেগ পেতে হলেও এখন তিনি বিশ্ব ফুটবলের সত্যিকারের মহাতারকা হওয়ার পথেই হাঁটছেন।