Tamim Iqbal and BCB

বাংলাদেশ ক্রিকেটে যেন অস্থিরতার পারদ নামছেই না। সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবালকে ঘিরে নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢাললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর বক্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গনে বইছে নিন্দার ঝড়।

এর আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। জাতীয় দলের একাধিক ক্রিকেটার প্রকাশ্যে পোস্ট দিয়ে প্রতিবাদ জানান। সমালোচনার মুখে পড়ে পরে পোস্টটি মুছে ফেলেন নাজমুল ইসলাম।

কিন্তু বিতর্ক থামেনি সেখানেই। বৃহস্পতিবার আবারও নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন এই বিসিবি পরিচালক। সেখানে মুস্তাফিজুর রহমান ইস্যুকে সামনে রেখে তামিম ইকবালকে নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন তিনি।

এম নাজমুল ইসলাম নামের ফেসবুক আইডিতে তিনি লেখেন-

“মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এটা আমার ব্যক্তিগত অভিমত। প্লিজ, এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না।”

আইপিএলের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর থেকেই দুই দেশের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পায়। এরই প্রেক্ষাপটে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে খেলতে না গিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয় আইসিসিকে।

Read More:
“তামিম ইকবাল ভারতীয় দালাল”

এই সিদ্ধান্ত ও চলমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুরের সিটি ক্লাব মাঠে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে তামিম বলেছিলেন, “আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।”

এই বক্তব্যের পরই তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষমূলক স্ট্যাটাস দেন নাজমুল ইসলাম। পরে সেটি মুছে ফেললেও এর রেশ কাটেনি। ক্রিকেটপ্রেমীদের বড় একটি অংশ বিষয়টিকে অশোভন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হিসেবে দেখছেন। বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থাকা একজন পরিচালকের এমন ভাষা নিয়ে প্রশ্ন উঠেছে বোর্ডের ভেতর ও বাইরে—দুই জায়গাতেই।

মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি হওয়া নিরাপত্তা উদ্বেগ, বিশ্বকাপের ভেন্যু বিতর্ক আর তার সঙ্গে যুক্ত হলো অভ্যন্তরীণ এই বাক্যযুদ্ধ। সব মিলিয়ে মাঠের বাইরের এই উত্তাপ বাংলাদেশের ক্রিকেটে ঠিক কোন পথে গিয়ে থামবে, সেটিই এখন বড় প্রশ্ন।