বৈভব সূর্যবংশী

বিজয় হাজারে ট্রফির প্রথম দিনটি ঘিরে আলোচনার কেন্দ্রে থাকার কথা ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে। দীর্ঘ বিরতির পর এই ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে ফিরেছেন দুজনই—কোহলি ১৬ বছর পর, রোহিত ৭ বছর পর। কিন্তু সব প্রত্যাশা ছাপিয়ে আলো নিজের করে নিলেন এক কিশোর ব্যাটসম্যান।

রাঁচিতে প্লেট লিগের ম্যাচে মাত্র ১৪ বছর বয়সে লিস্ট এ ক্রিকেটে ইতিহাস গড়েছেন বৈভব সূর্যবংশী। অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে খেলতে নেমে তিনি করেছেন অবিশ্বাস্য এক ইনিংস—৩৬ বলেই তুলে নিয়েছেন শতক।

এই সেঞ্চুরির মাধ্যমে লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর রেকর্ড গড়েছেন সূর্যবংশী। বয়স তখন ১৪ বছর ২৭২ দিন। এর আগে ১৯৮৬ সালে পাকিস্তানের জহুর এলাহি ১৫ বছর ২০৯ দিনে সেঞ্চুরি করেছিলেন। সেই দীর্ঘদিনের রেকর্ড এবার ভেঙে গেল।

টি-টোয়েন্টি সংস্করণের বাইরে এটি ছিল সূর্যবংশীর প্রথম শতক। আর সেটিও এল তার মাত্র সপ্তম ওয়ানডে ম্যাচে। তবে এখানেই থামেননি বাঁহাতি ওপেনার। সেঞ্চুরির পর আরও ভয়ংকর হয়ে ওঠে তার ব্যাট।

লিস্ট এ ক্রিকেটে এটি চতুর্থ দ্রুততম সেঞ্চুরি হলেও সূর্যবংশী নতুন এক ইতিহাস লিখেছেন দেড় শ রানের ক্ষেত্রে। মাত্র ৫৯ বলে ১৫০ রান করে ভেঙেছেন এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার তারকা ৬৪ বলে ১৫০ রান করেছিলেন—এতদিন সেটিই ছিল দ্রুততম।

শেষ পর্যন্ত সূর্যবংশীর ইনিংস থামে ৮৪ বলে ১৯০ রানে। তার ঝলমলে ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা। অরুণাচলের অফ স্পিনার তেচি নেরির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিহারের ব্যাটিং ইনিংস চলছিল। ২৬ ওভার শেষে দুই উইকেট হারিয়ে দলের সংগ্রহ ছিল ২৬১ রান। তবে দিনের গল্প তখন আর দলীয় স্কোরে সীমাবদ্ধ নয়—সব আলো কেবলই এক নামকে ঘিরে, বৈভব সূর্যবংশী।