আইপিএলের দুই মহাতারকা ক্রিস গেইল ও বিরাট কোহলি।আইপিএলে গেইল ও কোহলি মিলেই হাঁকিয়েছেন সাড়ে ছয়শরও বেশি ছক্কা।

আইপিএলের মঞ্চে রেকর্ড ভাঙা-গড়া যাঁর নিত্যদিনের কাজ, সেই বিরাট কোহলি শুক্রবার রাতে লিখলেন নতুন এক ইতিহাস। ২০২৬ আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নেমেই অনন্য এক ডাবল পূর্ণ করলেন তিনি। আইপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একই সাথে ৩০০টি ছক্কা এবং ৮০০টি চারের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন কোহলি।

৩০০ ছক্কার ক্লাবে তৃতীয় সদস্য

গুজরাট টাইটানসের বিপক্ষে রান তাড়া করতে নেমে রশিদা খানের ওভারে ছক্কা হাঁকিয়ে ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন কোহলি। আইপিএল ইতিহাসে ক্রিস গেইল ও রোহিত শর্মার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

তবে কোহলির বিশেষত্ব হলো, তিনি এই ৩০০টি ছক্কাই মেরেছেন একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি বা আরসিবির হয়ে, যা আগে কেউ করতে পারেনি।

আইপিএলে সর্বোচ্চ ছক্কা শিকারি:

১. ক্রিস গেইল: ৩৫৭টি
২. রোহিত শর্মা: ৩১০টি
৩. বিরাট কোহলি: ৩০১*টি

আরও পড়ুন: ‘অনুশীলন’ ছাড়াই আইপিএলে প্রিয়াংশের ৯ ছক্কায় ৩৭ বলে ৯৩!

৮০০ চারের অনন্য রেকর্ড

ছক্কার রেকর্ডের আগেই ইনিংসের দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদাকে বাউন্ডারি মেরে প্রথম খেলোয়াড় হিসেবে ৮০০ চারের মাইলফলক স্পর্শ করেন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে পাওয়ার হিটিংয়ের দাপট, সেখানে কোহলির এই চারের রেকর্ড তাঁর ক্লাসিক ব্যাটিং ও ধারাবাহিকতারই প্রমাণ দেয়। বর্তমানে ২৭৪ ম্যাচে তাঁর চারের সংখ্যা ৮০১টি।

আরও পড়ুন: ‘আইপিএল বদলে দিয়েছে সব, ভবিষ্যতে ক্রিকেটেও ক্লাব বিশ্বকাপ’

বিরাট কোহলির আইপিএল ক্যারিয়ার

ভারতের দুর্দান্ত বাটার কোহলি আইপিএলে ম্যাচ খেলেছেন ২৭৪টি। এসব ম্যাচে তার রান ৮ হাজার ৯৭১।

একনজরে:

ম্যাচ: ২৭৪, রান: ৮৯৭১*, সেঞ্চুরি: ৮টি এবং ফিফটি: ৬৫টি।

ছক্কা: ৩০১* এবং চার: ৮০১*।