ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে থাকছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। তবে নিলামে নেই অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম।
বাংলাদেশের যে ৭ ক্রিকেটার নিলামের জন্য চূড়ান্ত হয়েছেন, তারা হলেন- পেসার মোস্তাফিজুর রহমান, স্পিনার রিশাদ হোসেন, পেসার তাসকিন আহমেদ, পেসার নাহিদ রানা, অলরাউন্ডার তানজিম হাসান সাকিব, স্পিনার রাকিবুল হাসান ও পেসার শরীফুল ইসলাম।
নিলামের প্রাথমিক তালিকায় নাম ছিল সাকিবের। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তার।
আইপিএলে এবার মিনি নিলামের জন্য ১৩৯০ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছিলেন। তন্মদ্যে বাছাই করে ৩৫০ খেলোয়াড়কে চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত তালিকা আইপিএলের ওয়েবসাইটে আজ সকালে প্রকাশ করা হয়েছে।
মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এই ভিত্তিমূল্য পাচ্ছে বাংলাদেশেল মোস্তাফিজুর রহমানসহ ৪০ ক্রিকেটার।
৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের। অন্যদিকে স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
এই রাকিবুলের নাম এসেছে চমক হিসেবে। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই বাঁহাতি স্পিনার ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বাংলাদেশ ‘এ’ দলে নিয়মিতই খেলেন। তবে জাতীয় দলে এখনো সুযোগ হয়নি তার। রাকিবুল ২০২৩ সালে এশিয়ান গেমসে খেললেও সেটি জাতীয় দল ছিল না। ৬৯ টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা ৬৯টি। সেরা বোলিং ৭ রানে ৩ উইকেট। ইকোনমি রেট ৬.৯০।
নিলামে চূড়ান্ত হওয়া ক্রিকেটারদের মধ্যে ২৪০ জনই ভারতীয়, বাকি ১১০ জন বিদেশি। নিলাম থেকে ৭৭ ক্রিকেটারকে কেনার সুযোগ থাকবে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে। এর মধ্যে ৩২ জন বিদেশি ক্রিকেটার থাকবেন।

