পিএসএল ২০২৬ আসরের পাঁচ তরুণ ক্রিকেটারের কোলাজ।এই ৫ তরুণের দিকে চোখ থাকবে সবার।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মানেই নতুন তারকার উত্থান। প্রতি আসরেই অচেনা কেউ একজন এসে বিশ্ব ক্রিকেটের নজর কেড়ে নেন। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া পিএসএলের একাদশ আসরেও এর ব্যতিক্রম হচ্ছে না। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্তাপ ছড়াতে প্রস্তুত এমন পাঁচ তরুণ তুর্কিকে নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন।

১. আব্দুল্লাহ ফজল (রাওয়ালপিন্ডি)

২৩ বছর বয়সী এই বাঁহাতি ওপেনারকে বলা হচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন রান মেশিন। যদিও স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৮টি, কিন্তু তাঁর স্ট্রাইক রেট (১৬০) যে কোনো বোলারের জন্য ভয়ের কারণ। কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে ৮৮ ও ১১৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলে রাওয়ালপিন্ডিকে শিরোপা জিতিয়ে আলোচনায় আসেন তিনি।

সর্বশেষ করাচি ব্লুজের হয়ে সেমিফাইনালে ৪১ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে নিজের ফর্মের জানান দিয়েছেন ফজল। রাওয়ালপিন্ডির টপ অর্ডারে এবার বড় ভরসা এই তরুণ।

২. সামির মিনহাজ (ইসলামাবাদ ইউনাইটেড)

পাকিস্তান ক্রিকেটের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাম সামির মিনহাজ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ফাইনালে ১১৩ বলে ১৭২ রানের সেই অতিমানবীয় ইনিংসটি এখনো ভক্তদের চোখে লেগে আছে। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করে যুব ওয়ানডেতে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ডও এখন তাঁর দখলে। ১ কোটি ৯০ লাখ রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। এবারের পিএসএল হতে পারে বিশ্বমঞ্চে সামিরের জাত চেনানোর সেরা সুযোগ।

৩. উবায়েদ শাহ (লাহোর কালান্দার্স)

নাসিম শাহর ছোট ভাই উবায়েদ শাহকে নিয়ে এবার নিলামে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। ৬০ লাখ রুপি ভিত্তি মূল্য থাকলেও সাড়ে চার গুণ বেশি দামে (২ কোটি ৭০ লাখ রুপি) তাঁকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ২০ বছর বয়সী এই পেসার গত আসরে মুলতান সুলতানসের হয়ে ৯ ম্যাচে ১২ উইকেট নিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচে ৭২ উইকেট শিকারি এই পেসার এবার লাহোরের বোলিং আক্রমণের তুরুপের তাস।

৪. আলী রাজা (পেশোয়ার জালমি)

১৮ বছর বয়সী আলী রাজাকে ১ কোটি ৯৬ লাখ রুপিতে ধরে রেখে পেশোয়ার জালমি বুঝিয়ে দিয়েছে তাঁর ওপর ফ্র্যাঞ্চাইজিটির আস্থা কতটা। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৩ উইকেট নিয়ে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই ডানহাতি পেসার।

গত পিএসএল মৌসুমেও ৯ ম্যাচে ১২ উইকেট শিকার করেছিলেন তিনি। এবারের আসরে ভালো করতে পারলে পাকিস্তানের জাতীয় দলের দরজা তাঁর জন্য খুলে যেতে পারে।

৫. ফারহান ইউসুফ (পেশোয়ার জালমি)

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া ফারহান ইউসুফকে সরাসরি দলে নিয়েছে পেশোয়ার জালমি। নিলামে অবিক্রীত থাকলেও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ১৮৮ স্ট্রাইক রেটে ব্যাট করে সবার নজর কাড়েন তিনি। মিডল অর্ডারে দ্রুত রান তোলার অসামান্য দক্ষতা রয়েছে এই তরুণের। বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ারের ব্যাটিং লাইনআপে ফারহান হতে পারেন বড় ‘সারপ্রাইজ প্যাকেজ’।