পিএসএল ২০২৬ এর প্লে-অফের ৪ দল।পিএসএল ২০২৬: এবার চার দলের প্লে-অফ লড়াই।

পাকিস্তান সুপার লিগের (PSL) লিগ পর্বের নাটকীয়তা শেষ। লাহোর কালান্দার্সকে টপকে অনেকটা ‘ব্যাকডোর’ এন্ট্রি নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে হায়দরাবাদ কিংসমান। অন্যদিকে মুলতান সুলতানসকে হারিয়ে পেশোয়ার জালমির বিপক্ষে কোয়ালিফায়ারে নামার টিকিট পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। প্লে-অফের আগে চার দলের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করেছে ইএসপিএন ক্রিকইনফো।

পেশোয়ার জালমি: ফেভারিট কিন্তু রেকর্ড চিন্তার

জালমি এবার টুর্নামেন্টের স্পষ্ট ফেভারিট। বাবর আজম ও কুশল মেন্ডিস জুটির অতিমানবীয় ব্যাটিং তাদের এই উচ্চতায় নিয়ে এসেছে। টুর্নামেন্টের শীর্ষ দুই রান সংগ্রাহক এই জুটি ৭ ম্যাচে তিনটি শতরানের জুটি গড়েছেন। এছাড়া বল হাতে বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম ১৯ উইকেট নিয়ে জালমির প্রধান অস্ত্র হয়ে উঠেছেন।

তবে দুশ্চিন্তার বিষয় হলো তাদের প্লে-অফ রেকর্ড। অতীতে সবচেয়ে বেশি প্লে-অফ খেললেও হারের রেকর্ডও তাদেরই সবচেয়ে বেশি (৮-১২)। তাছাড়া বোলিংয়ে সুফিয়ান ও ইফতিখার ছাড়া আর কেউ সেভাবে ধারাবাহিক হতে পারছেন না। নাহিদ রানার অনুপস্থিতি তাদের পেস বিভাগকে কিছুটা দুর্বল করে দিয়েছে।

ইসলামাবাদ ইউনাইটেড: অভিজ্ঞতার পাহাড়

ইউনাইটেডের শক্তি হলো তাদের ভয়ংকর দলীয় পারফরম্যান্স। জালমির মতো তারা কেবল নির্দিষ্ট একজনের ওপর নির্ভরশীল নয়। শাদাব খানের ফর্মে ফেরা এবং উদীয়মান ব্যাটসম্যান সামির মিনহাজের কার্যকর ব্যাটিং তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। শাদাবের ইকোনমি রেট (৬.৪৬) টুর্নামেন্টের সেরা।

আরও পড়ুন:
পিএসএলে এক টিকিটের লড়াইয়ে ৪ দল, ফাইনালে খুলছে বন্ধ দুয়ার

তবে ডেভন কনওয়ের স্ট্রাইক রেট (১৩০-এর নিচে) এবং টপ অর্ডারের ধারাবাহিকতার অভাব তাদের ভোগাতে পারে। যদিও প্লে-অফে সবচেয়ে বেশি ১০টি জয় এবং ৩টি শিরোপা জয়ী দল হিসেবে তারা মানসিকভাবে অনেক এগিয়ে থাকবে। নকআউট পর্বে জ্বলে ওঠার পুরনো অভ্যাস তাদের বড় শক্তি।

মুলতান সুলতানস: শুরুর ছন্দ বনাম শেষের ভয়

মুলতানের শুরুটা ছিল দুর্দান্ত। শাহিবজাদা ফারহান এবং স্টিভেন স্মিথ—এই দুই টপ অর্ডার ব্যাটার টুর্নামেন্টের অন্যতম সেরা ওপেনিং জুটি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। ১৬০-এর উপরে স্ট্রাইক রেট নিয়ে তারা প্রতিপক্ষ বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন।

অ্যাশটন টার্নারের বিচক্ষণ অধিনায়কত্বে দলটি গোছানো ক্রিকেট খেলছে। তবে লিগ পর্বের শেষ দিকে ফর্মের ছন্দপতন তাদের জন্য দুশ্চিন্তার কারণ। শেষ দুই ম্যাচে হার এবং ১ এপ্রিলের পর থেকে কোনো কোয়ালিফাইড দলের বিপক্ষে জিততে না পারা তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

আরও পড়ুন:
মরুর বুকে পাকিস্তানের পিএসএল! জেদ্দায় হচ্ছে নতুন ক্রিকেট স্টেডিয়াম

হায়দরাবাদ কিংসম্যান: মোমেন্টামের খোঁজে

পিএসএল ২০২৬-এর সবচেয়ে রোমাঞ্চকর গল্প হলো এই হায়দরাবাদ কিংসম্যান। টুর্নামেন্টের শুরুতে ধুঁকতে থাকা দলটি মার্নাস লাবুশেনের নেতৃত্বে এবং গ্লেন ম্যাক্সওয়েলের আগমনে খোলনলচে বদলে গেছে। উসমান খানের ব্যাটিং এবং হুনাইন শাহর দুর্দান্ত পেস বোলিং তাদের জয়ের পথে ফিরিয়েছে।

দলটি কিছুটা অগোছালো মনে হলেও তাদের বর্তমান ‘মোমেন্টাম’ যেকোনো শক্তিশালী দলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে ভালো স্পিনারের অভাব এবং সাইম আইয়ুবের ফর্মে না থাকা তাদের নকআউট পর্বে ভোগাতে পারে।